২০২৬ সালের রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে। আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা শেষ হয় সকাল সাড়ে ১০টায়। বৈঠক শেষে বিকেল চারটায় যৌথ সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
যৌথ বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে আলোচনায় রাজনৈতিক সংস্কার, বিচারের অগ্রগতি এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান আগামী বছরের রমজানের আগেই—ফেব্রুয়ারির প্রথমার্ধে—নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, সরকার নির্বাচন আয়োজনের জন্য এপ্রিলের প্রথমার্ধকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করছে। তবে সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন সম্ভব হবে। তবে সে জন্য রাজনৈতিক সংস্কার ও বিচারপ্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন অপরিহার্য।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উভয় পক্ষই এই বৈঠককে ফলপ্রসূ ও গঠনমূলক বলে আখ্যায়িত করেন। তারেক রহমান অধ্যাপক ইউনূসের অবস্থানকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান, অপরদিকে অধ্যাপক ইউনূসও তারেক রহমানকে গঠনমূলক আলোচনার জন্য ধন্যবাদ জানান।
শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন: খলিলুর রহমান
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন খুব শিগগিরই ভোটের নির্ধারিত তারিখ ঘোষণা করবে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান জানান, “নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে আমরা সর্বাত্মক সহায়তা দিচ্ছি। শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে।”
