তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। লাখো মানুষের অংশগ্রহণে বুধবার বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ ছাড়া দেশের নানা প্রান্ত থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজায় অংশ নিয়ে প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এর আগে জানাজায় অংশগ্রহণের জন্য সকাল সোয়া ১০টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়। গেট খোলার কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় শোকার্ত মানুষের ঢল নামে, পুরো পরিবেশে নেমে আসে গভীর শোকের আবহ।
