দখলমুক্ত হলো শতবর্ষী ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-ঢাকা কার্যালয়। সোমবার জীবন সদস্যদের ঐক্যবদ্ধ উদ্যোগে কার্যালয়টি পুনরুদ্ধার করা হয়।
রোববার সমিতির সদস্যরা শাহবাগ থানায় ছয়জনকে মূল আসামি ও অজ্ঞাতনামা আরও ৫০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। একইদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দখলদার চক্রের কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
সোমবার সকাল ৯টার দিকে জীবন সদস্যরা কার্যালয়ের সামনে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ভবনের ভেতরে থাকা বহিরাগতরা পালিয়ে যায়। এরপর সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয়ে প্রবেশ করে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করেন।
পুনরুদ্ধারের সেই মুহূর্তে কারও চোখে আনন্দাশ্রু, কারও মুখে উচ্ছ্বাস—সবাই একই কণ্ঠে বলছিলেন, “এটি আমাদের প্রতিষ্ঠান, আমাদের ঐতিহ্য; কোনোভাবেই আর দখলদারদের হাতে যেতে দেবো না।”
কার্যালয় ফিরে পাওয়ার পর সমিতির নেতারা জরুরি সভায় বসে শহীদ আবরার ফাহাদের স্মরণে পূর্বনির্ধারিত ‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেন।
এদিকে, নবগঠিত নির্বাচন কমিশনও কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “সমিতির কার্যালয়ে এখন কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকেই আমরা নিয়মিত কার্যক্রম শুরু করছি।”
দখল ও অনুপ্রবেশের কারণে গত কয়েক মাস ধরে সমিতির কার্যক্রম কার্যত বন্ধ ছিল। এতে সংগঠনটি আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক উদ্যোগ থেকেও পিছিয়ে পড়ে। বহু সদস্য ও উপকারভোগী সেই প্রভাবের শিকার হন।
তবে জীবন সদস্যরা আশাবাদী—ঐক্য, দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম সমিতি-ঢাকা আবারও আগের প্রাণচাঞ্চল্যে ফিরবে।
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল বলেন, “দীর্ঘদিন পর আমরা আমাদের প্রিয় কার্যালয়ে ফিরেছি। এটি শুধু দখলমুক্তির ঘটনা নয়—এটি আমাদের আত্মসম্মান ও ঐতিহ্যের পুনর্জাগরণ।”
নির্বাচন কমিশন গঠন
এদিকে চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৬-২৭ মেয়াদে নির্বাহী পরিষদ গঠনার্থে নির্বাচন পরিচালনার জন্য কমিশন গঠন করা হয়েছে। যেখানে সমিতির বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৫) এর মেয়ার ২০২৫ সালের ৩১ ডিসেম্বর উত্তীর্ণ হবে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২১.১ অনুযায়ী গত ১৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের ১৬তম সভায় ২০২৬-২৭ মেয়াদের সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনার জন্য নিম্ন বর্ণিত সম্মিলিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
১/ জনাব মোঃ নাজিম উদ্দিন চৌধুরী (৭০৬)-প্রধান নির্বাচন কমিশনার।
অতিরিক্ত সচিব (অব) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, চট্টগ্রাম সমিতি-ঢাকা
২/ জনাব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী (২৪৮৮)-নির্বাচন কমিশনার।
অতিরিক্ত সচিব (অব) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম সমিতি-ঢাকা
৩/ জনাব মোহাম্মদ মুনীর চৌধুরী (৩০৪৩)-নির্বাচন কমিশনার।
সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব-পিআরএল), জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও জীবন সদস্য চট্টগ্রাম সমিতি-ঢাকা।
৪/ ড. নাজনীন কাউসার চৌধুরী (৩৮৩৩)- নির্বাচন কমিশনার।
অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জীবন সদস্য চট্টগ্রাম সমিতি-ঢাকা।
৫/ ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী (৩৯৪৯)- নির্বাচন কমিশনার।
ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ ও জীবন সদস্য চট্টগ্রাম সমিতি-ঢাকা।
