বাংলাদেশের নির্বাচনের জন্য ৪০ হাজার বডিক্যাম কিনছে অন্তর্বর্তী সরকার

Media

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডিওয়ার ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা উপদেষ্টা ফয়েজ তৈয়্যব আহমদ জানিয়েছেন— বডিক্যাম সংগ্রহের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। তার ভাষায়, “এই ডিভাইসগুলো দেশের হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, অক্টোবরের মধ্যেই বডিক্যাম সরবরাহ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে, যাতে নির্বাচন শুরুর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যামেরাগুলোর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) সক্ষমতাসহ অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে প্রশিক্ষণ নিতে পারেন।

জানা গেছে, ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে প্রাথমিক যোগাযোগ হয়েছে। নির্বাচন চলাকালে পুলিশ কর্মকর্তারা বুকে এই ক্যামেরা সংযুক্ত করে দায়িত্ব পালন করবেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বডিক্যাম সংগ্রহ এবং প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে উপস্থাপন করা। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে হবে— খরচ যা-ই হোক না কেন।”

বৈঠকে আরও জানানো হয়, আসন্ন নির্বাচনকে ঘিরে একটি আধুনিক নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী জানান, এই অ্যাপে প্রার্থীদের বিস্তারিত তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত হালনাগাদ তথ্য এবং অভিযোগ দাখিলের সুযোগ থাকবে।

প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালুর নির্দেশ দেওয়ার পাশাপাশি, ১০ কোটিরও বেশি ভোটার যেন সহজেই এটি ব্যবহার করতে পারেন— তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

 

বাংলাদেশে হালনাগাদের পর ভোটার সংখ্যা সাড়ে ১২ কোটি

সারা দেশে হালনাগাদ কার্যক্রম শেষে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

রবিববার নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. আখতার হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, দেশের সকল জেলা নির্বাচন অফিসে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পূর্বে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

হালনাগাদ কার্যক্রমে নতুনভাবে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, মৃত হিসেবে শনাক্ত হওয়ায় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে।

সচিব আরও জানান, এ বছর মোট তিনটি ধাপে ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে গত ২ মার্চ। দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট এবং যারা ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করবেন, তাদের নিয়ে তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকায় যাদের নাম আছে, তাদের তথ্য সংশোধনের সুযোগ থাকবে ১২ দিন পর্যন্ত। অর্থাৎ, ২১ আগস্টের মধ্যে সংশোধনের জন্য আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।