ঢাকায় ফিরে সংবর্ধনা সমাবেশে যোগ দেবেন তারেক, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি

Media

দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার তার দেশে ফেরা উপলক্ষে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি ও প্রস্তুতি। সরকারও তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীতে বিপুল গণজমায়েত হবে বলে জানিয়েছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি তিনি যাবেন ঢাকার ৩০০ ফিট সড়কে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে। সেখানে এককভাবে বক্তব্য দেবেন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এ ছাড়া কর্মসূচিকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিষয়েও গণমাধ্যমকে অবহিত করা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকার সব ধরনের সহযোগিতা করছে। তবে তার নিরাপত্তার জন্য এসএসএফ সদস্য চাওয়া হয়নি বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগে আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এরপর টানা সতেরো বছর তিনি লন্ডনেই অবস্থান করেন।

দীর্ঘ নির্বাসন শেষে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।