হাইকোর্ট বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে দায়ের করা রিট খারিজ করে এই আদেশ দেন।
এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত হন বিএনপির ইশরাক হোসেন। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক।
চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই নির্বাচনের ফল বাতিল করে তাপসকে পরাজিত ঘোষণা করেন এবং ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।
এই রায়ের পর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে। তবে ১৪ মে ইশরাক হোসেনের শপথ ঠেকাতে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ।
রিটে শুধু শপথ ঠেকানো নয়, ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় ।
হাইকোর্টের রায় অনুযায়ী, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই। তবে এখনো শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার তারিখ নির্ধারিত হয়নি। ইশরাকের সমর্থকেরা নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই কর্মসূচির ফলে শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এর আগে গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন, প্রশাসন হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি করছে এবং এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ জনগণকে তীব্র যানজটে পড়তে হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি, যা নিয়ে ছাত্রদল অসন্তোষ প্রকাশ করেছে।
