দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করা যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
স্থানীয় সময় রবিবার দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দুই জন উপদেষ্টার এপিএস, পিএস- যাদের কথা আপনারা বলছেন, সেই বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরণের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করবো।'
সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে।
এর আগে সকালে, উপদেষ্টাদের এপিএস ও পিও-এর দুর্নীতির অনুসন্ধান শুরু করার দাবিতে দুদক কার্যালয়ে যায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাব থেকে তারা একটি মিছিল করে দুদকে আসে এবং পরে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়।
এ বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, 'এটি (দুই উপদেষ্টার এপিএস ও পিও-এর দুর্নীতি) আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়ে কাজ করছি। দুদক এ ধরনের যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন।
এর আগে গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসে তিনি বলেন, 'গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে। ইতিমধ্যে অনেক তথ্য ভুলভাবে ছড়ানো হয়েছে। পদত্যাগকে অপসারণ হিসেবে প্রচার করা হয়েছে। অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিসাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে।'
এদিকে মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবি ও আরেক ছাত্র প্রতিনিধি ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তে ১০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শুরুর দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
অভিযোগকারী আইনজীবীরা হলেন অ্যাডভোকেট নাদিম মাহমুদ, ইয়াছিন আলফাজ এবং অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি এবং ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।
অভিযোগের বিষয়টি বিবেচনা করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কার্যকর ও দৃশ্যমান অনুসন্ধান শুরুর আবেদন জানিয়েছেন আইনজীবীরা।
