যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতির আওতায় এবার বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে পর্যটক বা ব্যবসায়ী ভিসায় প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত বড় অঙ্কের জামানত দিতে হবে। এই ভিসা বন্ডের পরিমাণ নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার।
শুরুতে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভিসা বন্ড তালিকায় মাত্র সাতটি দেশের নাম ছিল। তবে এক সপ্তাহের মধ্যেই সেই তালিকা প্রায় চার গুণ বাড়ানো হয়েছে, যেখানে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হালনাগাদ তালিকা প্রকাশ করে। নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বের মোট ৩৮টি দেশ এখন ভিসা বন্ডের আওতায় পড়েছে।
স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর জন্য ভিসা বন্ড কার্যকরের তারিখও ঘোষণা করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।
তবে এই বিধিনিষেধ শুধুমাত্র পর্যটক ও ব্যবসায়ী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
