ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজা পড়ান ।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা। লাখো ছাত্র ও সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রবেশের অনুমতি দেন।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে পিছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী গুলিবিদ্ধ করেন। গুলিটি তার মাথায় লাগে।
হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয় এবং রাতেই তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার অবস্থাকে ‘অত্যন্ত আশঙ্কাজনক’ উল্লেখ করেন। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
