বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড নিয়মিত কাজ করছে এবং আজও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসে তাকে পর্যবেক্ষণ করবেন—এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “আগেও বলেছি—উনাকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তারা ইতোমধ্যে তাকে পর্যবেক্ষণ করেছেন। আজও ইউকে থেকে বিশেষজ্ঞরা এসে দেখে যাবেন।”
তিনি আরও বলেন, “পরীক্ষা-নিরীক্ষার পর যদি মনে হয় যে তিনি স্থানান্তরের উপযোগী এবং তাকে বিদেশে নেওয়া প্রয়োজন—তবে মেডিকেল বোর্ড যে সময়টিকে উপযুক্ত বিবেচনা করবে, সেই সময়েই তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।”
দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি আগেই রাখা হয়েছে জানিয়ে ডা. জাহিদ বলেন, “প্রস্তুতির কোনো ঘাটতি নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর বর্তমান শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের নির্দেশনা। এই অবস্থায় তাদের পরামর্শ ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।”
গত ২৩ নভেম্বর খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।
এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা শক্তিশালী করা এবং তার উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিক বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস উইং আরও জানায়, খালেদা জিয়ার পরিবার ও রাজনৈতিক দল এ বিষয়ে ইতোমধ্যে অবগত করা হয়েছে।
তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে।”
তারেক রহমানের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে কি না বা দেশে ফেরার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গেও তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, “সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। তার পরিবারের সদস্যরা ও দলের নেতারা নিশ্চিত করলে বাইরে নেওয়ার ব্যবস্থা করা হবে।”
