আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে ফের সরব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত তার ফেসবুক পেইজে ৬০ শব্দের একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’
তার এই পোস্টে দুই ঘণ্টায় দুই হাজারেরও বেশি মন্তব্য আসে।
সামাজিক মাধ্যমে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হওয়ার একটি ভিডিও শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা।
এর আগে গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলটির নেতাকর্মীরা কার্যত আত্মগোপনে। মাঝেমধ্যে বিভিন্ন দিবসে ঝটিকা মিছিল বের হলেও পুলিশ পরবর্তীতে মিছিলকেন্দ্রিক কয়েকজনকে গ্রেপ্তার দেখাচ্ছে।
এই পরিস্থিতিতেই মিরপুরে অনেকটা শান্ত মেজাজে একটি মিছিল অনুষ্ঠিত হতে দেখা যায়। ওই মিছিলের পর আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আওয়ামীবিরোধী রাজনৈতিক শিবিরে আবারও বিতর্ক শুরু হয়েছে।
এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত ফেসবুক পোস্টে বলেছেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি-অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’
জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী কারাগারে
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার ঘটনায় প্রতারণার মামলায় জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদ্য বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিন পিংকির (৩১) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
গত শুক্রবার পিংকিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. জিন্নাহ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দিলশাদ আফরিন পিংকিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতারণা করে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার ১০ এপ্রিল ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা মডেল থানায় মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বুলবুল সিকদার, রকিবুল সিকদার নামে দুই ব্যক্তি জুলাই বিপ্লবে আহত হিসেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ক্ষতি পূরণের জন্য আবেদন করেন। তাদের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় জুলাই ফাউন্ডেশনে তথ্য প্রদানের জন্য আসতে বলা হয়। ২১ মার্চ তারা ফাউন্ডেশনে উপস্থিত হলে জিজ্ঞাসাবাদে জানায়, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত না হওয়া সত্ত্বেও দিলশাদ আফরিন পিংকি ১০ হাজার টাকার বিনিময়ে তাদের চিকিৎসার ব্যবস্থাপত্র সত্যায়ন করার ব্যবস্থা করেন। পরবর্তীতে গুরুতর আহতদের তালিকায় রকিবুলের নাম তালিকাভুক্ত করতে ৫০ হাজার এবং অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আরও ৩০ হাজার টাকা গ্রহণ করে। জুলাই বিপ্লবে শহীদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আড়াই লাখ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে। এছাড়া আরও কয়েক জনের কাছ থেকেও টাকা আত্মসাৎ করে।
গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে দিল শাদ আফরিন পিংকিকে বহিষ্কারের কথা জানানো হয়।
