বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

Media

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একযোগে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। এটি বিশ্বের বুকে একসঙ্গে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড।

মঙ্গলবার ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আকাশ থেকে জাতীয় পতাকা হাতে অবতরণ করেন ‘টিম বাংলাদেশ’-এর প্যারাট্রুপাররা।

এই ঐতিহাসিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত ফ্লাইপাস্ট মহড়া। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে দৃষ্টিনন্দন কৌশল প্রদর্শন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে তেজগাঁও পুরনো বিমানবন্দরে সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বেলা ১১টার দিকে বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, কপালে বাঁধা লাল-সবুজের ফিতা কিংবা বিজয় দিবস লেখা ব্যানার। লাল-সবুজের পোশাকেও সেজেছিলেন অনেকে।

দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকায় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুরনো বিমানবন্দরের প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়।