হাদি এখনো সংকটাপন্ন, মস্তিষ্কের অবস্থা অত্যন্ত গুরুতর: মেডিকেল বোর্ড

Media

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মস্তিষ্কের অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই জীবনঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সময় রোববার সকালে জরুরি বৈঠকের পর মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, সর্বশেষ রিপিট সিটি স্ক্যানে ওসমান হাদির মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) এবং অক্সিজেনের ঘাটতির স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে, যা ব্রেনের জন্য মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দেয়। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার প্রমাণও মিলেছে। চিকিৎসকদের মতে, সাম্প্রতিক সিটি স্ক্যান অনুযায়ী তার মস্তিষ্কের সামগ্রিক অবস্থা খুবই উদ্বেগজনক।

চিকিৎসকরা জানান, তার ফুসফুসের অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে ভেন্টিলেটরসহ লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় চার লিটার ইউরিন আউটপুট বিবেচনায় রেখে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।

এর আগে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা থেকে যে ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) দেখা দিয়েছিল, সেটির অবস্থাও বর্তমানে অপরিবর্তিত আছে। তবে নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেটি পর্যালোচনা করে রোগী গ্রহণে সম্মতি দিলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে কি না—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা রয়েছে কি না, সেটিও বড় প্রশ্ন হয়ে আছে।

এদিকে রোববার সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকদের দেওয়া ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণকাল আগামীকাল সোমবার রাতে শেষ হবে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদি এখনো ডিপ কোমাতেই রয়েছেন। তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি, তবে কিছু ইন্টারনাল রেসপন্স পাওয়া যাচ্ছে।”

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও চিকিৎসাধীন রয়েছেন।