খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র

Media

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার পর গেট খোলার কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ প্লাজা কানায় কানায় ভরে ওঠে শোকার্ত মানুষের উপস্থিতিতে।

জানাজা উপলক্ষে দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানেই অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মানুষ। সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকাহত মানুষের ঢল নামে, পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের আবহ।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা শেষে তাকে তার স্বামী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।