হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনে ড. ইউনূস

Media

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে। শনিবার সেখানে অনুষ্ঠিত তার জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দুপুর ১২টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করেন। এর আগেই সকাল থেকে সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সাধারণ মানুষের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরাও জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় উপস্থিত হন।

জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনী ও বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

বেলা দুইটায় জানাজা শেষে শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের তথ্যমতে, সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্ত্বরে তাকে দাফন করা হবে।