জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে পালাতে দেওয়া হয়েছে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। বৃহস্পতিবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঐতিহাসিক বার আউলিয়া মাজারে বার্ষিক ওরস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি গতকাল দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁকে পালাতে দেওয়া হয়েছে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ক্ষমতার অপব্যবহার করে তিনি বহু অবৈধ কাজ করেছেন, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এসময় সারজিস আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ বাংলাদেশের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করেছেন, কিন্তু এখন দেশের পরিস্থিতি বুঝে পালিয়ে গেছেন।
এছাড়া সারজিস আলম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, এটি সরকারের একটি বড় ব্যর্থতা, এবং এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সরাসরি জবাবদিহি করতে হবে।
এরপর সারজিস আলম আরও বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি কোনো যুদ্ধ শুরু হয়, বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি বাংলাদেশের জন্য বিপদজনক হতে পারে।
এসময় সারজিস আলম নির্বাচনী ব্যবস্থা নিয়েও কথা বলেন। তিনি বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের কোনো আপত্তি নেই, যদি সরকার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে।
এরপর সারজিস আলম মিথ্যা মামলার প্রসঙ্গেও কথা বলেন, মিথ্যা মামলা এখন রাজনৈতিক হাতিয়ার, তবে নিরপরাধ মানুষকে হয়রানি না করে সঠিক বিচার ও শাস্তির ব্যাবস্থা করতে হবে। কিছু ব্যক্তি বা চক্র মিথ্যা মামলায় নাম দেওয়ার জন্য টাকা দাবি করছে। এছাড়া, মিথ্যা মামলায় নাম দেওয়ার পর সেই নাম কাটানোর জন্যও টাকা আদায় করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না গেলে তিনি পদত্যাগ করবেন। বৃহস্পতিবার দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিকে আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
