‘বাংলাদেশে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে’

Media

সদ্য সমাপ্ত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। আরও বিনিয়োগ প্রস্তাব পাইপ লাইনে আছে। আর এবারের সম্মেলনে ৫০ দেশ থেকে ৪১৫ জন বিদেশি এসেছিলেন।

রবিবার ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সামিটের সফলতার প্রশ্নে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) আশিক চৌধুরী এ কথা বলেন। এরপর তিনি এটাও বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের ধারণায় পরিবর্তন আনা।

সব মিলিয়ে চার দিনের এই সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এ সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা।

এদিন ব্রিফিংয়ের শুরুতে বিনিয়োগ সম্মেলনের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিডা চেয়ারম্যান। তিনি বলেন, পরবর্তী সরকারেরও উচিত বিনিয়োগ সম্মেলনের মতো আয়োজন করা। এবারের সম্মেলনে ১৫০টি দাপ্তরিক বৈঠক হয়েছে।

এরপর তিনি বলেন, বাংলাদেশ যেন বিদেশি বিনিয়োগকারীদের মেন্যু থেকে বাদ না পড়ে যায়, সে চেষ্টা করেছি আমরা। কোনো বাংলাদেশি বিদেশি বিনিয়োগ নিয়ে আসলে তাকে প্রণোদনা দেবে সরকার।

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিনিয়োগকারীদের কাছে চ্যালেঞ্জের- এমন প্রশ্নের জবাবে আশিক চৌধুরি বলেন, যারা এবার প্রথম বাংলাদেশে এসেছেন, তারা জানিয়েছেন, বাংলাদেশে না এসে এদেশের প্রকৃত চিত্র সম্পর্কে বোঝা কঠিন। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশকে ঘনবসতীপূর্ণ দক্ষিণ এশীয় দেশ হিসেবে চিহ্নিত করা হয়।

সম্মেলনে আসা বিনিয়োগের অঙ্ক দিয়ে এর সফলতা না মাপতেও আহ্বান জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরি। তিনি জানান, বিশ্বের অন্যান্য উন্নত দেশে যেমন ব্যবসায়িক সম্মেলন হয়, ঠিক সেই আদলে আয়োজনের চেষ্টা করা হয়ছে। এতে বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণায় পরিবর্তন আসবে।

সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে। বিডার নির্বাহী চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘ভারতের ট্রানশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তকে সুযোগ হিসেবে নিচ্ছি। এর ফলে বাংলাদেশের বিমান বন্দরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়ার সুযোগ এসেছে।

এ ছাড়া ৬টি কম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের তথ্যও জানান তিনি।

এ সময় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা স্বচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডা চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।