চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Media

চট্টগ্রামে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আইভ্যাক বাংলাদেশ। সাম্প্রতিক এক নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইভ্যাকের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কারণে ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে একদল লোক জড়ো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার আগে কয়েকজনকে সহকারী হাইকমিশনারের বাসভবনে ঢিল ছুঁড়তে। পরে ঘটনাস্থল থেকে অন্তত ১২ জনকে আটক করে পুলিশ।

এর আগে, ১৭ ডিসেম্বর ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বুধবার দুপুরে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পরদিন ১৮ ডিসেম্বর পুনরায় চালু করা হয় ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।