সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি। জাতির প্রত্যাশা অনুযায়ী এই তিনটি ‘ম্যান্ডেটরি’ দাবি পূরণ হলেই আগামী রোজার আগে নির্বাচন হতে পারে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি ২০২৬-এর সময়সীমা কঠিন নয়। এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে, যদি শর্তগুলো পূরণ হয়।
এর আগে জামায়াতের আমির গতকাল বুধবারও বলেছিলেন, ‘আমাদের ভিউ হচ্ছে, নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে। জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে।
এদিন ইউরোপ ও যুক্তরাজ্য সফর নিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশিরা জানতে চেয়েছেন যে এই নির্বাচন কখন হবে, কীভাবে হবে? আমরা বলেছি, বর্তমান পরিবেশ তিনটি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে।
সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি এই তিন দাবি নিয়ে শফিকুর রহমান বলেন, হাজার প্রাণের বিনিময়ে, দেশে এই পরিবর্তন এসেছে। তাই অবশ্যই সংস্কার সাধন করতেই হবে। সংস্কারের প্রধান অংশীজন হলো রাজনৈতিক দলগুলো, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কারে সহযোগিতা করতে হবে।
এরপর জামায়াতের আমির দ্বিতীয় দাবি নিয়ে বলেন, যাঁরা নিহত ও আহত হয়েছেন, এই খুনের দায় যাদের, তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার দেখাতে হবে। যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতির আস্থা ফিরে আসে।
তৃতীয় দাবির বিষয়ে জানিয়ে শফিকুর রহমান বলেন, এটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে। জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, আর হেরে গেলে দুষ্ট—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
জামায়াতের আমির বলেন, বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাইলে বলেছি, প্রধান উপদেষ্টা জাতির সামনে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরপর শফিকুর রহমান বলেন, আমরা নির্বাচনের দাবি করতে পারি, দিনক্ষণ ঠিক করে দিতে পারি না। আমরা বলেছি, নির্বাচন এই সময়েই হতে পারে। দাবি পূরণ হলে তার আগে হলে আপত্তি নেই, পরে হলেও সমস্যা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান, আনম শামসুল আলম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের, হামিদুর রহমান আজাদ ও আবদুল হালিম, প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।
