বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে হাদির মরদেহ দাফন করা হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয় ওসমান হাদির মরদেহ। এসময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো হাদির কফিন গ্রহণ করেন জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর হাদির মরদেহ শেরেবাংলা নগরের হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।
শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা
অনুষ্ঠিত হবে।
