রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেলেন ড. মুহাম্মদ ইউনূস

Media

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। সফরের অংশ হিসেবে তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি মালয়েশিয়ায় পৌঁছান। বিমানবন্দরের ভিভিআইপি কমপ্লেক্সে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার চিফ অব প্রোটোকল। পরে স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাসিউশান বিন ইসমাইল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

দুপুর ২টার দিকে ড. ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে রোহিঙ্গা সংকট, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শ্রমবাজার সম্প্রসারণ, কৃষি ও বাণিজ্যে সহযোগিতা এবং সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোমেসি) শাহ আসিফ রহমান জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা চাওয়া হবে এ বৈঠকে।

 

‘নির্বাচনে মোতায়েন থাকবে সেনাবাহিনীর ৮০ হাজার সদস্য’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বড় পরিসরে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার  ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মাঠে থাকবে। এর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।”

নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা আরও শক্তিশালী করতে আনসার সদস্য বাড়ানোর কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আগে প্রতি ভোটকেন্দ্রে দুটি আনসার সদস্য মোতায়েন থাকলেও এবার প্রতিটি কেন্দ্রে একজন অতিরিক্ত অস্ত্রধারী আনসার রাখা হবে, যাতে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশের সংবাদমাধ্যম দায়িত্বশীলভাবে কাজ করায় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ইতিবাচক হচ্ছে। আশপাশের কিছু দেশে যে ধরনের ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা হয়, তা এখন আর তেমন প্রভাব ফেলতে পারছে না।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই—রমজানের আগেই—বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে নানা পর্যায়ে।