বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা অবস্থা এবং সার্বিক রাজনৈতিক পরিবেশ নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।
শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এছাড়া ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
