এনসিপি সভার কাছে হাতবোমা বিস্ফোরণ

Media

বাংলাদেশের বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা লক্ষ্য করে দু’টি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আর অপরটি পুলিশ উদ্ধার করে নিষ্ক্রীয় করেছে। সৌভাগ্যবশত, কেউ হতাহত হয়নি।

ঘটনাটি ঘটে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের সামনে। সভাস্থলের কাছে রাখা এনসিপি গাড়ির কাছেই বোমাগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আলম জানিয়েছেন, হামলাটি ‘পরিকল্পিত’ এবং দেশের সাম্প্রতিক নাশকতার ধারাবাহিকতার অংশ হিসেবে ঘটেছে। তিনি অভিযোগ করেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

‘আসন্ন নির্বাচনে হিন্দু ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দেবে’

আসন্ন বাংলাদেশের সংসদ নির্বাচনে সংখ্যালঘু হিন্দু ভোটাররা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করবেন বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার বিকেলে সাতক্ষীরায় এক সভায় ভাষণ দিতে গিয়ে পরওয়ার বলেন, “হিন্দুদের নিয়ে একটা ভুল ধারণা আছে, সবাই বলে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি তা বলি না। এবার হিন্দুরা দেখাবে, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা।”

তিনি আরও মন্তব্য করেন, জামায়াতে ইসলামীকে ভোট দিলে হিন্দু সম্প্রদায়ের মানুষ ‘সবচেয়ে নিরাপদে’ থাকবেন। পরওয়ার বলেন, “তালা-কলারোর হিন্দুরা, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন।”

 

সালমান শাহ'র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ আদালতের

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। প্রায় তিন দশক আগে ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশনা দেওয়া হলো রমনা থানাকে।

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন এলাকার ভাড়া বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন তার বাবা কমর উদ্দিন রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরের বছর তিনি মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন করলেও সেটি আদালতে গৃহীত হয়নি।

পরে ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল করে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে এ সিদ্ধান্ত নিয়ে সালমানের পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল।