ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে হাদির মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়েছে।
এর আগে আজই হাদির পরিবার সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারের জন্য সম্মতি দিয়েছিল বলে ইনকিলাব মঞ্চের এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “হাদি মারা গেলে সংগঠনটি সারা দেশের মানুষকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানাবে।”
এতে আরও বলা হয়, হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগে বিক্ষোভ চলবে এবং দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশ অচল করে দেওয়া হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হত্যাকারী যদি ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির অবস্থা ছিল আশঙ্কাজনক।
উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর পুরান ঢাকার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
