ওসমান হাদির জানাজায় ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশ মোতায়েন

Media

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাও মাঠ পর্যায়ে ব্যবহার করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে জানান, জানাজা ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বডি ওর্ন ক্যামেরার কার্যকারিতা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। বডি ওর্ন ক্যামেরা এখন আমাদের নিয়মিত সরঞ্জামের অংশ হয়ে যাচ্ছে। সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করাই মূল লক্ষ্য।”

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।

জানাজা ও দাফনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, শুক্রবার রাতে সিন্ডিকেটের এক অনলাইন বৈঠকে হাদির দাফন উপলক্ষে ক্যাম্পাস এলাকায়, বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের আশপাশে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।