ডাকসুতে শিবিরের জয়

Media

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদসহ বেশিরভাগ পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ভিপি (সহসভাপতি) পদে শিবিরপন্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান, পেয়েছেন ৫,৭০৮ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদেও জয় পেয়েছেন শিবির সমর্থিত এস এম ফরহাদ, যিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট। এই পদে ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন একই প্যানেলের মো. মহিউদ্দিন খান, তার প্রাপ্ত ভোট ১১,৭৭২।

সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাতভর ভোট গণনা চলে এবং বিভিন্ন হল থেকে ফলাফল আসতে থাকে।

মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, “নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। বরং এটি একটি মডেল নির্বাচন হিসেবে চিহ্নিত করা যেতে পারে।”

অন্যদিকে, কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান।

উমামা পেয়েছেন ৩,৩৮৯ ভোট, আর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন ১,১০৩ ভোট।

এই নির্বাচনের মধ্য দিয়ে বহু বছর পর অনুষ্ঠিত ডাকসু ভোটে ছাত্ররাজনীতিতে শিবির সমর্থিত প্যানেলের স্পষ্ট প্রাধান্য ফুটে উঠেছে।

 

ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল-উমামা

ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি লিখেছেন, "পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।"

এর আগে, নির্বাচনকে “মডেল নির্বাচন” বলে মন্তব্য করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তবে ছাত্রদল ও কয়েকটি স্বতন্ত্র প্যানেল অভিযোগ তুলেছে, ভোট গণনায় অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে।

এদিকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।

বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সামাজিক মাধ্যমে দেওয়া ওই পোস্টে উমামা লিখেছেন, “ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। পাঁচই অগাস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।”

তিনি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে “শিবির পালিত প্রশাসন” বলেও উল্লেখ করেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন দাবি করেছেন, নির্বাচন “সুষ্ঠু ও মডেল নির্বাচন” হিসেবে অনুষ্ঠিত হয়েছে।