বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বুধবারই জামিন দিয়েছিল হাইকোর্ট। চিন্ময়ের জামিন সংক্রান্ত এক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে, রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয়া হয়েছে।
জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন চেয়ে দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়েছিলে। যেখানে আবেদনকারীকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।
২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময়কে গ্রেপ্তারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিন নিয়ে অস্থিরতা চলে। এ ঘটনায় ওইদিন চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।
পরে চিন্ময়ের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর নিয়ে প্রতিবাদ জানিয়েছিল ভারত।
ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে ৮ জন নিহত
ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত ৮ জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। আহত হয়েছেন আরও চারজন।
বিশাখাপতনমের ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
এদিন অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোররাত থেকে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়েই একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন রাত প্রায় আড়াইটা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে।
রাজ্যের ধর্মস্থান বিষয়ক দফতরের প্রধান সচিব বিনয় চান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া উচিত নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।
এই দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী তেলেঙ্গানার রাজনৈতিক নেতানেত্রীরা।
হোয়াইট হাউসে ট্রাম্পের ১০০ দিন
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূরণ করলেন ডোনাল্ড ট্রাম্প। শততম দিন উপলক্ষে ট্রাম্প গতকাল মঙ্গলবার মিশিগানের ওয়ারেন শহরে এক প্রচারাভিযানধর্মী সমাবেশে তার শাসনকালের ‘বিপ্লবাত্মক ও প্রতিশোধপরায়ণ’ সূচনা উদযাপন করেন। সমর্থকদের উচ্ছ্বাসে সিক্ত হয়ে ৭৮ বছর বয়সী ট্রাম্প দাবি করেন, ‘আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে সফল প্রথম ১০০ দিন’ তার প্রশাসনের।
ট্রাম্প সমাবেশে বলেন, ‘আমি প্রচারের দিনগুলো মিস করি।’ এরপর তার ভাষণ এক পর্যায়ে রাষ্ট্রনেতার চেয়ে একজন প্রার্থীসুলভ হয়ে ওঠে। তিনি ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীদের ‘র্যাডিকাল বাম’, বিচারকদের ‘কমিউনিস্ট’, মিডিয়াকে ‘ভুয়া’ বলে অভিহিত করেন। এমনকি বলেন, ‘বন্ধুর চেয়ে শত্রুরা আমাদের বাণিজ্যে কম ক্ষতি করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি কেবল শুরু করেছি।’ যদিও সাম্প্রতিক জরিপে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় মার্কিন জনমত তার প্রতি বিরূপ।
সমাবেশে ট্রাম্প অভিবাসন নীতির প্রদর্শন হিসেবে হাতকড়া ও শৃঙ্খলে আবদ্ধ অভিবাসীদের বিমানে ওঠানো, বাসে তোলা, মাথা ন্যাড়া করা—এমন একটি ভিডিও দেখান। এতে তার বিতর্কিত নির্বাসন নীতির চিত্র উঠে আসে।
