৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

Media

৩৯ বাংলাদেশিকে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবারসকালে মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান, সি-১৭ গ্লোবমাস্টার, তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সকাল ৬টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণের পর এসব ব্যক্তির ইমিগ্রেশন ও আনুষ্ঠানিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—তা নির্ভর করছে যাচাই প্রক্রিয়ার ফলাফলের ওপর।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন সংক্রান্ত নীতিতে কঠোরতা আরোপের পর থেকে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের নাগরিকদেরও গ্রেপ্তার করে ফেরত পাঠানো হচ্ছে।

সূত্রটি আরও জানায়, এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ১১৮ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। চলমান এ প্রক্রিয়ায় প্রতি মাসেই কিছু বাংলাদেশিকে দেশে ফিরতে হচ্ছে।

বাংলাদেশে ফিরিয়ে আনা এসব অভিবাসী নাগরিকদের অনেকেই কাজের সন্ধানে কিংবা বিভিন্ন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বৈধ কাগজপত্র ও থাকার অনুমতি না থাকায় তারা মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হন।

ফেরত পাঠানোদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলেও জানা গেছে। তবে তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, ফেরত আসা প্রত্যেকের ভিসা ও অবস্থান সংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত নাগরিকদের বৈধ পথে যাওয়ার প্রতি উৎসাহিত করা হবে এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ।

 

জামায়াতের আমিরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির সার্জারিটি পরিচালনা করেন।

জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, “সকাল সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ একটি অপারেশন, অন্তত ৫ ঘণ্টা লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল।”

সার্জারি শেষে হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান বর্তমানে পোস্ট-অপারেটিভ পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।