হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল

Media

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিপুলসংখ্যক মানুষ। এ উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিভিন্ন এলাকা থেকে জানাজায় অংশ নিতে আগত মানুষের উপস্থিতিতে আশপাশের এলাকায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

সরকারি সূত্র জানায়, শনিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানাজায় অংশ নিতে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।