বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের পরিবারকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনের পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সহকারী হাইকমিশনগুলো থেকেও কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকাস্থ হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবে খোলা থাকবে। কূটনৈতিক কার্যক্রম ও দাপ্তরিক কাজেও কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে ভারত সরকার। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
