যুক্তরাষ্ট্রের বাফলো শহরের ইস্ট সাইড এলাকায় শনিবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন দমকলকর্মী আহত হয়েছেন। শহর প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের কারও আঘাই জীবননাশের মতো নয়।
স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে ১২৬৯ জেনেসি স্ট্রিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। কর্মকর্তাদের মতে, ভবনের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয় এবং সেটি মূলত সেই অংশেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ভবনটির প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার মূল্যের ক্ষতি হয়েছে। ভবনের ভেতরের সামগ্রীতেও আরও ৫০ হাজার ডলার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অবশ্য আগুন লাগার কারণ এখনো তদন্তাধীন।
বাফলোর সাবেক পুলিশ কমিশনার রকো জে. ডিনা আর নেই
বাফলো শহরের সাবেক পুলিশ কমিশনার রকো জে. ডিনা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মাত্র ১৮ বছর বয়সে বাফলো পুলিশ বিভাগে যোগ দেন ডিনা। দীর্ঘ কর্মজীবনে তিনি ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাফলো পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাফলোর ভারপ্রাপ্ত মেয়র ক্রিস স্ক্যানলন এক বিবৃতিতে বলেন, ‘আমার পরিবার এবং বাফলো শহরের পক্ষ থেকে রকো জে. ডিনার পরিবার, বন্ধু ও সাবেক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জননিরাপত্তায় তার আজীবন অবদান ও বাফেলোর মানুষের প্রতি দায়বদ্ধতা কখনো ভোলা যাবে না।’
বাফেলো পুলিশ বিভাগও এক বিবৃতিতে জানিয়েছে, ‘কমিশনার ডিনা সম্মান ও নিষ্ঠার সঙ্গে আমাদের শহরকে সেবা দিয়েছেন। জননিরাপত্তা ও নেতৃত্বে তিনি যে স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
ফ্রেডোনিয়ার ম্যাকডোনাল্ডসে বিস্ফোরণ, দুই কর্মী হাসপাতালে
যুক্তরাষ্ট্রের ফ্রেডোনিয়া এলাকার রবিবার রাতে একটি ম্যাকডোনাল্ডস শাখায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরও একজনকে ঘটনাস্থলেই প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে চাটাকুয়া কাউন্টি শেরিফের দপ্তর।
রাত প্রায় ১০টা ২০ মিনিটের দিকে একাধিক কলের মাধ্যমে বিস্ফোরণের খবর পায় পুলিশ ও দমকল বিভাগ। তদন্তে জানা গেছে, এক কর্মী গ্রিলিং ইউনিটের পেছনের অংশ পরিষ্কার করছিলেন, তখনই প্রাকৃতিক গ্যাসের একটি পাইপলাইন খুলে যায়। সেই থেকে বের হওয়া গ্যাস ও পাশের আরেকটি গ্রিল ইউনিটের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে।
অফিসিয়াল তদন্তে ৫০০ ইস্ট মেইন স্ট্রিটে অবস্থিত ওই ম্যাকডোনাল্ডসের বিস্ফোরণকে দুর্ঘটনাজনিত বলে নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে এক নারী কর্মীকে হেলিকপ্টারে করে বাফলোর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আরেক নারী কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন পুরুষ কর্মীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
বিস্ফোরণে রেস্তোরাঁটির প্রায় ১৫ হাজার ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
