২০২৪ সালে বাফলো সাইকিয়াট্রিক সেন্টারের তিনজন কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত এক বাফলোর যুবককে বৃহস্পতিবার ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ৩ এপ্রিল ক্যালভিন হাসকিন্স (৩৫) আউটপেশেন্ট রোগীদের জন্য নির্ধারিত একটি আবাসিক ইউনিটে ৫২ বছর বয়সী এক নারী, ৫৫ বছর ও ৪৫ বছর বয়সী দুই পুরুষকে ছুরিকাঘাত করেন। এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার সময় অন্য দুই কর্মী তাকে থামাতে গেলে তারাও হামলার শিকার হন।
ঘটনাটি বাফলোর ফরেস্ট অ্যাভিনিউ এলাকায় ঘটে। পুলিশ আগেই জানিয়েছিল, ওই এলাকায় বসবাসকারীদের কাছে অস্ত্র আছে কি না—তা তল্লাশি করা হতো না।
একাধিকবার ছুরিকাহত হওয়া তিনজনকেই কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। পরে তাদের প্রত্যেকের জন্য সুরক্ষা আদেশ (অর্ডার অব প্রোটেকশন) জারি করা হয়। এখনো কেউ কাজে ফেরেননি।
এরি কাউন্টির জেলা অ্যাটর্নি মাইক কিন বলেন,“বাফলো সাইকিয়াট্রিক সেন্টারের এই তিন কর্মী অভিযুক্তকে সাহায্য ও পুনর্বাসনের জন্য কাজ করছিলেন, অথচ তিনি নিজের মোজার ভেতর লুকিয়ে রাখা ছুরি দিয়ে বারবার তাদের আঘাত করেন। ভুক্তভোগীরা এখনো গুরুতর ও জীবন পরিবর্তনকারী শারীরিক আঘাত থেকে সেরে উঠছেন এবং এই সহিংস হামলার মানসিক আঘাতে ভুগছেন।”
গত নভেম্বর মাসে হাসকিন্স দ্বিতীয় ডিগ্রির দুটি ‘হত্যাচেষ্টা’র অভিযোগে দোষ স্বীকার করেন। বৃহস্পতিবার আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড এবং মুক্তির পর আরও পাঁচ বছরের তত্ত্বাবধানে থাকার আদেশ দেন।
