চার কমিশনারের নাম ঘোষণা করলেন বাফলো মেয়র শন রায়ান

Media

যুক্তরাষ্ট্রের বাফলো শহরের মেয়র শন রায়ান তার প্রশাসনিক দলে আরও চার জন নতুন কমিশনারের নাম ঘোষণা করেছেন। শুক্রবার এই চারটি নতুন নিয়োগের কথা জানানো হয়। এর ঠিক এক সপ্তাহ আগেই রায়ান চারজন নতুন ডেপুটি মেয়রের নাম ঘোষণা করেছিলেন।

এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাফলো পুলিশ কমিশনার হিসেবে ক্রেইগ মেসির নাম ঘোষণা করা হয়।

নতুন নিয়োগের ফলে বাফলো শহরের প্রশাসনে থাকছেন একজন ফায়ার কমিশনারের পাশাপাশি কর্পোরেশন কাউন্সেল কমিশনার, কমিউনিটি সার্ভিসেস কমিশনার এবং পাবলিক ওয়ার্কস কমিশনার।

ড্যানিয়েল পিজারো বাফালোর নতুন ফায়ার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ১৪ বছরেরও বেশি সময় ধরে বাফলো ফায়ার ডিপার্টমেন্টে কাজ করেছেন এবং বর্তমানে চিফ ব্যাটালিয়ন হিসেবে দায়িত্বে রয়েছেন। শন রায়ান জানান, পিজারোই হবেন শহরের ইতিহাসে প্রথম হিস্পানিক ফায়ার কমিশনার।

রোজ পিজি বাফলো কর্পোরেশন কাউন্সেল কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন। এই পদে তিনি দুই দশকেরও বেশি আইনি ও আর্থিক অভিজ্ঞতা নিয়ে আসছেন।

ড্যানিয়েল রবার্টসকে কমিউনিটি সার্ভিসেস কমিশনার এবং নোলান স্কিপারকে পাবলিক ওয়ার্কস কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়াও, এক দশকেরও বেশি সময় ধরে বাফলো সাব্রেস দলের মিডিয়া রিলেশনসে কাজ করা ইয়ান অটকে রায়ান প্রশাসনের ডিরেক্টর অব কমিউনিকেশনস হিসেবে নিয়োগ করা হয়েছে।