বাফলোর জেনেসি-মোসেলে এলাকায় শনিবার ভোরে ঘটে যাওয়া পুলিশ সংশ্লিষ্ট এক গুলির ঘটনার তদন্ত শুরু করেছে এরি কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস। বাফলো পুলিশ জানায়, ভোর রাত প্রায় ২টার দিকে ডোনোভান ড্রাইভে “অজানা সমস্যার” একটি কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
কর্তৃপক্ষের তথ্যমতে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক নারীকে ছুরি হাতে “আক্রমণাত্মক আচরণ” করতে দেখে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও তিনি তার পরিচিত কিছু মানুষের দিকে ছুরি তাক করে এগিয়ে যান।
পুলিশ জানায়, এক কর্মকর্তা তখন তাকে লক্ষ্য করে পেপার স্প্রে ব্যবহার করেন। কিন্তু এরপরও ওই নারী এক ব্যক্তিকে মাথায় ছুরি দিয়ে আঘাত করেন। এর পর আরেক কর্মকর্তা গুলি চালিয়ে নারীর কাঁধে আঘাত করেন।
পুলিশ জানিয়েছে, আহত পুরুষ এবং নারী উভয়কেই এরি কাউন্টি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের কারও আঘাতই প্রাণঘাতী নয়।
ঘটনায় জড়িত কর্মকর্তাদের প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
যে কেউ ঘটনার বিষয়ে তথ্য জানেন, তাকে বাফেলো পুলিশের গোপনীয় টিপ লাইন ৭১৬-৮৪৭-২২৫৫ নম্বরে কল বা টেক্সট করার অনুরোধ জানানো হয়েছে।
গ্র্যান্ড আইল্যান্ডে নৌকা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
গ্র্যান্ড আইল্যান্ড ফায়ার কোম্পানি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে স্যান্ডি বিচ ইয়ট ক্লাবে নোঙর করা নৌকা থেকে পড়ে এক ব্যক্তি ডুবে মারা গেছেন।
রাত প্রায় ১২টা ৩০ মিনিটে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টা পর গ্রাস আইল্যান্ড ও বাকহর্ন আইল্যান্ড স্টেট পার্কের মাঝামাঝি এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে উপপ্রধান জন পডলাকি জানান।
এরি কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, নিহতের নাম এডওয়ার্ড লাচাপেল (৬১), তিনি টার্নার, মেইনের বাসিন্দা।
উদ্ধার অভিযানে একাধিক সংস্থা সহযোগিতা করেছে এবং এ ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে এরি কাউন্টি শেরিফ অফিস।
আমহার্স্ট বোর্ডের অনুমোদন, বিক্রি হচ্ছে সাবেক কান্ট্রি ক্লাব
আমহার্স্ট টাউন বোর্ড বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা সাবেক ওয়েস্টউড কান্ট্রি ক্লাব এর জমি এরি কাউন্টির কাছে বিক্রি করার অনুমোদন দিয়েছে।
কাউন্টির কাছে সম্পত্তি হস্তান্তরের এই পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল। জমিটি কাউন্টি পার্কে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় গলফ কোর্সের নয়টি হোল পুনরুদ্ধার, হাঁটার পথ ও ট্রেইল পুনর্জীবিত করা এবং বিনোদনমূলক জায়গা সংরক্ষণ করা হবে।
এটি হবে আমহার্স্টের ইতিহাসে প্রথম কাউন্টি-স্বত্বাধীন পার্ক।
আমহার্স্ট সুপারভাইজর ব্রায়ান কুলপা এক বিবৃতিতে বলেন,“আজকের ভোট নিশ্চিত করেছে যে আমহার্স্ট শহর প্রজন্মের পর প্রজন্ম একটি বিস্তৃত পার্ক পাবে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘কিপ ওয়েস্টউড গ্রিন’ আন্দোলনকে সমর্থন করেছি এবং শহর জমি সংরক্ষণের জন্য বিনিয়োগ করেছে। কাউন্টির অংশীদারিত্বে আমরা প্রাক্তন কান্ট্রি ক্লাবকে একটি অন্তর্ভুক্তিমূলক পার্কে রূপান্তর করতে পারব… এই অংশীদারিত্বের প্রভাব আমহার্স্টের বাসিন্দাদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে।”
জমিটি অবস্থিত ৭৭২ নর্থ ফরেস্ট রোড এবং ৩৮৫ ও ৩৯১ ম্যাপল রোডে। ক্লাবটি ২০১৪ সালে বন্ধ হয়ে যায়।
