১৮ লাখ ডলার চুরির দায়ে অ্যামহার্স্টের সাবেক হিসাবরক্ষকের কারাদণ্ড

Media

অ্যামহার্স্টে অবস্থিত একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাবেক হিসাবরক্ষক ল্যাঙ্কাস্টারের এক নারীকে ব্যবসা প্রতিষ্ঠানটি থেকে ১৮ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাতের দায়ে বুধবার সাজা দিয়েছেন আদালত-এ তথ্য জানিয়েছে এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়।

৫৫ বছর বয়সী বনি বোভা সাত বছরেরও বেশি সময় ধরে মোট ১৮,৩০,৭৭৯.৫৬ ডলার চুরি করেন।

২০১৭ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৮ অক্টোবরের মধ্যে বোভা নিজের নামে প্রতিষ্ঠানের চেক ইস্যু করেন এবং কম্পিউটার রেকর্ড পরিবর্তন করে সেই চুরির তথ্য গোপন রাখেন। অভ্যন্তরীণ অডিটে বিষয়টি ধরা পড়ার পর ২০২৪ সালের অক্টোবরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

চুরি করা অর্থ দিয়ে বোভা নিজের ক্রেডিট কার্ডের বিল ও অন্যান্য ব্যক্তিগত খরচ পরিশোধ করেন। ইরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির আগের তথ্যে জানা গেছে, তার বড় খরচগুলোর মধ্যে ছিল ডিজনি ভ্রমণ, খুচরা দোকানে কেনাকাটা এবং ডোরড্যাশে খাবার অর্ডার।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইক কীন বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দপ্তরে এটিই সবচেয়ে বড় অঙ্কের চুরি মামলার বিচার। অভিযুক্ত ব্যক্তি নিয়োগকর্তার অর্থ নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়ে নিয়ন্ত্রণহীন ভোগবিলাসে ১৮ লাখ ডলারের বেশি খরচ করেছেন। আমি আশা করি, ভুক্তভোগীরা এই বড় ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে পারবেন।”

গ্র্যান্ড লারসেনির দায় স্বীকার করার পর বোভাকে অনির্দিষ্ট মেয়াদের ২ বছর ৮ মাস থেকে ৮ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কর বিবরণীতে চুরি করা অর্থ দেখাননি বলে ‘ভুয়া নথি দাখিলের’ অভিযোগেও তিনি দোষ স্বীকার করেন।

বোভাকে ভুক্তভোগী প্রতিষ্ঠানকে পুরো অর্থ ফেরত দিতে হবে। এ ছাড়া নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন অ্যান্ড ফাইন্যান্সকে দিতে হবে ৯৭,৫৬১ ডলার। এ পর্যন্ত চিকিৎসা প্রতিষ্ঠানটি ৬,০৩,৫০০ ডলার ফেরত পেয়েছে।