নিউইয়র্ক স্টেটের ইতিহাসে সর্ববৃহৎ স্ফীত থিম পার্ক ‘জাম্প ফেস্ট ২০২৫’ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফেলোর ফ্রন্ট পার্কে। ৪ দিনব্যাপী এই উৎসব শুরু হবে ২৩ মে এবং চলবে ২৬ মে পর্যন্ত।
ইভেন্টটির আয়োজকরা জানিয়েছেন, এটি সকল বয়সী দর্শনার্থীদের জন্য উপযুক্ত এক পারিবারিক বিনোদন কেন্দ্র হিসেবে সাজানো হয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে।
ইভেন্টের আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন এক পরিবেশ তৈরি করা, যেখানে পরিবার ও বন্ধুরা একসাথে সময় কাটাতে পারবেন এবং নিরাপদ ও স্মরণীয় অভিজ্ঞতা উপভোগ করবেন।’
ইভেন্টে প্রবেশের জন্য টিকিট অনলাইনে বা সাইটে পাওয়া যাবে। আগ্রহীরা buffalony.gov ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
ওয়ারেন বাফেট অবসর নিচ্ছেন
অবসর নিচ্ছেন ওয়ারেন বাফেট। ৯৪ বছর বয়সে তিনি ঘোষণা করেছেন যে, ২০২৫ সালের শেষে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে সরে দাঁড়াবেন। তবে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
বাফেট জানিয়েছেন, বয়সজনিত কারণে শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি বুড়ো হয়ে গেছি” এবং স্বীকার করেন যে, মাঝে মাঝে ভারসাম্য ও স্মৃতিশক্তি নিয়ে সমস্যা হচ্ছে। তবে তার বিনিয়োগ দক্ষতা অটুট রয়েছে এবং বাজারে অস্থিরতা দেখা দিলে তিনি এখনও সহায়ক ভূমিকা পালন করতে পারবেন।
বাফেটের দীর্ঘদিনের উত্তরসূরি হিসেবে পরিচিত গ্রেগ অ্যাবেল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী পদে দায়িত্ব গ্রহণ করবেন। ৬২ বছর বয়সী অ্যাবেল বর্তমানে কোম্পানির নন-ইনস্যুরেন্স ব্যবসার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বার্কশায়ার হ্যাথাওয়ে এনার্জির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।
১৯৬৫ সালে একটি ক্ষতিগ্রস্ত টেক্সটাইল কোম্পানি হিসেবে বার্কশায়ার হ্যাথাওয়ে অধিগ্রহণ করেন। তার নেতৃত্বে কোম্পানিটি ১.১৬ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ সাম্রাজ্যে পরিণত হয়। তিনি কোকা-কোলা, অ্যাপল, ব্যাংক অব আমেরিকা ইত্যাদি কোম্পানিতে বিনিয়োগ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।
বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৫৭ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি হিসেবে স্থান দিয়েছে।
ওয়ারেন বাফেটের এই অবসর বিনিয়োগ জগতের জন্য একটি যুগের অবসান নির্দেশ করে। তবে তার উত্তরসূরি গ্রেগ অ্যাবেলের নেতৃত্বে বার্কশায়ার হ্যাথাওয়ে ভবিষ্যতেও সফলতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
