শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে লটারি চালু করছে বাফলো পাবলিক স্কুল

Media

শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসতে উৎসাহ দিতে নতুন একটি উপস্থিতি–ভিত্তিক লটারি কর্মসূচি চালু করছে যুক্তরাষ্ট্রের বাফলো পাবলিক স্কুলস (বিপিএস)। বুধবার জেলা সুপারিনটেনডেন্ট পাস্কাল মুবেঙ্গা এ উদ্যোগের ঘোষণা দেন। ফেব্রুয়ারি থেকেই কর্মসূচিটি চালু হবে।

বিপিএস জানায়, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং “প্রতিদিন স্কুলে থাকার সঙ্গে শিক্ষাগত সাফল্যের যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও জোরদার করতেই” এই লটারি চালু করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাফলো পাবলিক স্কুলসের সঙ্গে অংশীদার হচ্ছে অলাভজনক সংস্থা ‘সে ইয়েস বাফলো’।

এক বিবৃতিতে সুপারিনটেনডেন্ট পাস্কাল মুবেঙ্গা বলেন, “প্রতিটি স্কুল দিবসই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে এলে তারা সবচেয়ে ভালোভাবে শেখে এবং সময়মতো স্নাতক হতে পারে। এই লটারি শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে আসতে, পড়াশোনায় মনোযোগী থাকতে এবং জীবনে কাজে লাগবে-এমন ভালো অভ্যাস গড়ে তুলতে একটি ইতিবাচক ও আকর্ষণীয় উদ্যোগ।”

নিয়ম অনুযায়ী, যেসব শিক্ষার্থী এক মাসে এক দিনের কম স্কুল মিস করবে, তারা স্বয়ংক্রিয়ভাবে লটারিতে অন্তর্ভুক্ত হবে। প্রতি মাসের শেষে এই তালিকা থেকে তিনজন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে বাছাই করা হবে। জেলার সব ৬০টি স্কুলেই এ লটারি কার্যকর হবে।

বিপিএস জানায়, নির্বাচিত তিন শিক্ষার্থীর মধ্যে মোট ১,০০০ ডলার পুরস্কার দেওয়া হবে। তৃতীয় স্থান পাওয়া শিক্ষার্থী পাবেন ২০০ ডলার, দ্বিতীয় স্থান ৩০০ ডলার এবং প্রথম স্থান পাওয়া শিক্ষার্থী পাবেন ৫০০ ডলার। পুরস্কারের অর্থ সরাসরি শিক্ষার্থীদের দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। প্রথম লটারি ড্রয়ের আগে অভিভাবক ও শিক্ষার্থীদের আরও তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই লটারি কর্মসূচিটি বিপিএস ও ‘সে ইয়েস বাফলো’-এর যৌথ উদ্যোগ। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, পুরস্কারের পুরো অর্থই দেবে ‘সে ইয়েস বাফেলো’; এতে স্কুল জেলার কোনো তহবিল ব্যবহার করা হবে না।

সে ইয়েস বাফলোর প্রধান নির্বাহী ডেভিড রাস্ট বলেন, “শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগে জেলার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। শিক্ষার্থীদের উপস্থিতি উন্নত করতে যেকোনো প্রচেষ্টাই একটি মূল্যবান বিনিয়োগ। ড. মুবেঙ্গার এই উদ্ভাবনী উদ্যোগের আমরা প্রশংসা করি।”