চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তবে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
সবশেষ সিরিজে চোটের কারণে না থাকা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন অধিনায়ক হয়েই। ওয়েস্ট ইন্ডিজে সেই সিরিজের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবার থাকছেন সহ-অধিনায়ক হিসেবে। মঙ্গলবারই দেশ ছেড়েছেন তিনি।
পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়ায় নেই লিটন দাস। বিসিবির ঘোষিত প্রথম টেস্টের দলে জাকের আলীর সঙ্গে উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে আছেন মাহিদুল ইসলাম। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি মুশফিক। অন্য দুই সংস্করণকে বিদায় জানানো মুশফিক এখন শুধু টেস্ট ক্রিকেটেই খেলবেন বাংলাদেশ দলে।
এদিকে তাসকিনের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদকে। নাহিদ রানা ও হাসান মাহমুদ দলের বাকি দুই পেসার। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে চার বিশেষজ্ঞ পেসার রয়েছে দলে।
তাসকিনের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বাঁ একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছে, সিরিজে তাকে পাওয়া যাবে না।’
বাংলাদেশের হয়ে এর আগে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলেছেন তানজিম। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক ২২ বছর বয়সী এই পেসারের। ১০ ওয়ানডেতে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ টি–টোয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছেন তানজিম।
সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়ার তালিকায় আছেন হাসান মুরাদ, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন। ক্যারিবিয়ান সফরের দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই জায়গা হারালেন বাঁহাতি স্পিনার মুরাদ।
২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান।
হার্ট অ্যাটাক করেছেন তামিম, পরানো হয়েছে রিং
তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ সোমবার সকালে সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের টসেও অংশ নেন তিনি। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ম্যাচ রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।
তামিমকে প্রথমে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।
