নভেম্বরে মার্কিন নাগরিকের খাদ্যসহায়তা বন্ধ থাকবে: কৃষি বিভাগ

Media

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের চলমান অচলাবস্থা বা শাটডাউন এর কারণে নভেম্বর মাসে খাদ্যসহায়তা কর্মসূচি স্থগিত থাকবে। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, তহবিল ফুরিয়ে যাওয়ায় এ মাসে সহায়তা বিতরণ সম্ভব নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটিরও বেশি মানুষ সরকারের খাদ্যসহায়তা কর্মসূচির সুবিধাভোগী।

কৃষি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “মূল সমস্যা হলো— তহবিল শেষ হয়ে গেছে।” বিবৃতিতে এই অচলাবস্থার জন্য দায়ী করা হয়েছে সিনেটের ডেমোক্র্যাটদের।

যুক্তরাষ্ট্রে প্রতি আটজন নাগরিকের মধ্যে একজন সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (SNAP)-এর সুবিধাভোগী। এই কর্মসূচি নিম্নআয়ের পরিবারগুলোর খাদ্য ক্রয়ে বড় সহায়তা দেয়।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন একটি বিশেষ আপৎকালীন তহবিল ব্যবহার করতে অস্বীকৃতি জানায়, যা দিয়ে সাময়িকভাবে এই কর্মসূচি চালু রাখা যেত। প্রশাসনের দাবি, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতির জন্য সেই তহবিল সংরক্ষিত থাকা প্রয়োজন।

ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। কংগ্রেসওম্যান রোজা ডিলাউরো ও অ্যাঞ্জি ক্রেগ এক যৌথ বিবৃতিতে বলেন, “ট্রাম্প প্রশাসন এত নিষ্ঠুর ও বেআইনি সিদ্ধান্ত আগে কখনো নেয়নি।” তারা আরও অভিযোগ করেন, সরকারের অচলাবস্থার মধ্যেও প্রশাসন আর্জেন্টিনাকে সাহায্য ও হোয়াইট হাউসে নতুন বলরুম তৈরির প্রকল্পে অর্থ ব্যয় করছে।

বাজেট বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রাইঅরিটিজ (CBPP) জানিয়েছে, ওই আপৎকালীন তহবিল দিয়ে নভেম্বরের SNAP সুবিধার মাত্র ৬০ শতাংশ অর্থায়ন সম্ভব হতো।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা কৃষিসচিব ব্রুক রলিন্সকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন, এই রিজার্ভ তহবিলে এখনো উল্লেখযোগ্য অর্থ আছে— যা ব্যবহার করে অন্তত নভেম্বরের সুবিধাগুলো অব্যাহত রাখা যেতে পারে।

তবে রলিন্সের দপ্তর থেকে জানানো হয়েছে, এই তহবিল কেবল ‘প্রকৃত জরুরি অবস্থা’, বিশেষত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য ব্যবহার করা যায়।

শাটডাউনের ফলে সীমিত কর্মী নিয়ে কাজ করছে কৃষি বিভাগ। রাজ্যগুলো যাতে আংশিকভাবে সুবিধা বজায় রাখতে পারে, সে লক্ষ্যে কংগ্রেস আগে থেকেই বহু বছরের আপৎকালীন তহবিল বরাদ্দ করেছিল।

SNAP কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ডেবিট কার্ড দেওয়া হয়, যা দিয়ে তারা প্রয়োজনীয় মুদি খাদ্য কিনতে পারেন। CBPP-র তথ্যমতে, চার সদস্যের একটি পরিবার মাসে গড়ে ৭১৫ ডলার (প্রায় ৮৭ হাজার ৫০০ টাকা) পায় — অর্থাৎ প্রতিজনের জন্য দৈনিক ৬ ডলারেরও কম।

বেশিরভাগ রাজ্য এই কর্মসূচি পরিচালনা করে কেন্দ্রীয় সরকারের অর্থে। তবে বর্তমানে অনেক রাজ্য নিজেদের সীমিত তহবিল ব্যবহার করে ঘাটতি পূরণের চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার সতর্ক করে জানিয়েছে, পরবর্তীতে এসব রাজ্যকে ফেরত অর্থ দেওয়া হবে না।

ম্যাসাচুসেটসসহ কিছু রাজ্য ইতোমধ্যেই জানিয়েছে, তাদের কাছে ঘাটতি পূরণের মতো যথেষ্ট অর্থ নেই। অনেক রাজ্য সুবিধাভোগীদের স্থানীয় দাতব্য ফুড ব্যাংক বা অন্য খাদ্য উৎসের সন্ধান দিতে সহায়তা করছে। ক্যালিফোর্নিয়া এমনকি খাদ্য বিতরণে সহায়তার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে।

রোববার যুক্তরাষ্ট্রের এই শাটডাউন ২৬তম দিনে প্রবেশ করেছে, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সরকারি অচলাবস্থা হিসেবে রেকর্ড গড়েছে। এই পরিস্থিতিতে লাখো দরিদ্র নাগরিকের খাদ্যনিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে।