যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এবং একটি গার্লস সামার ক্যাম্পে প্রায় ২৫ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্বাধীনতা দিবসে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে "ভয়াবহ" বলে অভিহিত করেছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, কেন্দ্রীয় কর্মকর্তারা ইতিমধ্যেই সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাতভর উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর অ্যাবট। তবে রাজ্য কর্মকর্তারা এখনো নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে ভয়াবহ রূপ নেয়, যা বহু সম্পদ ও জীবন কেড়ে নেয় বলে জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক।
তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, যাদের এখনো যোগাযোগ করা হয়নি, তাদের সন্তানদের বিষয়ে তথ্য মিলেছে এবং তারা নিরাপদে আছে বলে ধারণা করা হচ্ছে।
“এর মানে এই নয় যে যেসব শিশু নিখোঁজ, তারা মারা গেছে—তারা হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে,” তিনি যোগ করেন।
প্যাট্রিক জানান, উদ্ধারে ব্যবহৃত হচ্ছে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ৯টি উদ্ধার টিম ও প্রশিক্ষিত সাঁতারুরা। প্রায় ৪০০-৫০০ জন কর্মী এই অভিযানে অংশ নিচ্ছেন।
পরে, টেক্সাস মেজর জেনারেল থমাস সুয়েলজার জানান, ৫টি হেলিকপ্টারের সঙ্গে উদ্ধার সাঁতারু, ট্যাকটিক্যাল মিলিটারি যান এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।
টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা ক্যাম্প মিস্টিক-এ পৌঁছেছে, যেখানে বন্যায় প্লাবিত হওয়ার পর ২০ জনের বেশি মেয়ে নিখোঁজ রয়েছে।
স্থানীয় টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় সামার ক্যাম্পসহ পুরো অঞ্চলে অনেকের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার সকালেই হিল কান্ট্রি এবং কোঞ্চো ভ্যালি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
কের কাউন্টি শেরিফ অফিস জানায়, সেখানে ব্যাপক বন্যা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে কেন নদীর পাশের ক্যাম্পগুলো আগে থেকে সরানো হয়নি, সেই প্রশ্নে কের কাউন্টির বিচারক রব কেলি বলেন,
“আমরা জানতাম না এমন একটা বন্যা আসছে। আমি নিশ্চিত করে বলছি—কেউ জানত না এভাবে পানি আসবে।”
তিনি আরও জানান, ওই এলাকায় কোনো পূর্বাভাস বা সতর্কতামূলক ব্যবস্থা নেই, যদিও এটি একটি নিয়মিত বন্যাপ্রবণ অঞ্চল।
“১৯৮৭ সালের বন্যার তুলনাতেও এই দুর্ঘটনা অনেক বেশি ভয়াবহ,” উল্লেখ করেন কেলি। সেই বন্যায় একটি চার্চ বাসে থাকা ১০ কিশোর নিহত হয়েছিল।
বৃহস্পতিবার গভীর রাত থেকেই উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চলছে। আরও আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়, যার ফলে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। কের কাউন্টি সান অ্যান্টোনিও শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
ছবিগুলোতে দেখা যাচ্ছে—গভীর পানি ব্রিজ ঢেকে ফেলেছে এবং সড়ক ধরে প্রবল স্রোতে পানি ছুটে যাচ্ছে।
টেক্সাসের কৃষি কমিশনার সিড মিলার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,
“মানুষ যেন কোনো ঝুঁকি না নেয়। স্থানীয় জরুরি সতর্কতা অনুসরণ করুন এবং দয়া করে বন্যাপ্রবাহিত রাস্তা দিয়ে গাড়ি চালাবেন না।”
কের কাউন্টি শেরিফ অফিস নদী, খাল বা ছোট স্রোতের পাশে বসবাসকারীদের উঁচু এলাকায় সরে যেতে বলেছে।
কেরভিল শহরের মেয়র জো হেরিং বলেন, “আমাদের কোনও ইঙ্গিত ছিল না যে এই বন্যা এত ভয়াবহ হবে, কারণ আমাদের এখানে আগাম সতর্কতা দেওয়ার কোনো ব্যবস্থা নেই।”
