নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক শুক্রবার বিকেলে ঘোষণা দিয়েছেন যে তিনি গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন এবং একই সঙ্গে কংগ্রেসে পুনর্নির্বাচনের লড়াইয়েও আর থাকছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিবারের প্রতি মনোযোগ দেওয়া এবং দীর্ঘ প্রাইমারি নির্বাচনী লড়াই এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
স্টেফানিক বলেন, “আমি বিষয়টি গভীরভাবে ভেবেছি। একজন মা হিসেবে জানি, আমার ছোট ছেলের নিরাপত্তা, বেড়ে ওঠা ও সুখের দিকে আরও বেশি মনোযোগ না দিলে—বিশেষ করে এই কোমল বয়সে—আমি গভীর অনুশোচনায় ভুগব।”
এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে স্টেফানিকের ১১ বছরের রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটল। তিনি নিউইয়র্কের ২১তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি ছিলেন, যেখানে নর্থ কান্ট্রি ও ক্যাপিটাল রিজিয়নের কিছু অংশ অন্তর্ভুক্ত। ২০২৬ সালের গভর্নর নির্বাচনে তিনি একাধিক রিপাবলিকান ও রক্ষণশীল গোষ্ঠীর সমর্থন নিয়ে মাঠে নামলেও তার সরে দাঁড়ানোর ফলে রিপাবলিকান শিবিরে এখন একমাত্র ঘোষিত প্রার্থী হিসেবে থাকছেন নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যান।
স্টেফানিক দাবি করেন, তিনি সহজেই রিপাবলিকান মনোনয়ন জিততে পারতেন। তবে তার মতে, অপ্রয়োজনীয় ও দীর্ঘমেয়াদি প্রাইমারি লড়াইয়ে ২০২৬ সাল কাটাতে তিনি আগ্রহী নন। তবে কবে থেকে তার পদত্যাগ কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
তিনি গভর্নর পদে কিংবা নিজের কংগ্রেসনাল আসনে কোনো প্রার্থীকে সমর্থনও দেননি। তবে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত এক দশকে পরিশ্রমী পরিবারগুলোর জন্য যে কাজ করতে পেরেছেন, তা নিয়ে তিনি গর্বিত।
এদিকে, বর্তমান গভর্নর ক্যাথি হোকুলের নির্বাচনী শিবির স্টেফানিকের ব্যাখ্যার সমালোচনা করেছে। হোকুলের প্রচার শিবিরের মুখপাত্র রায়ান রাডুলোভাকি বলেন, স্টেফানিক “অবশেষে বাস্তবতা মেনে নিয়েছেন”—হোকুলের বিরুদ্ধে তার জয়ের কোনো সম্ভাবনাই ছিল না।
স্টেফানিকের সরে দাঁড়ানো নিউইয়র্কের ২০২৬ সালের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন আনল। রিপাবলিকানদের জন্য রাজ্যটিকে তিনি নিজেই “চ্যালেঞ্জিং” বলে উল্লেখ করেছিলেন। তার ঘোষণার পর হোকুলের প্রচার শিবির ব্লেকম্যানকেও কটাক্ষ করে তাকে “১০০ শতাংশ মাগা (MAGA)” আখ্যা দেয়, ফেডারেল শুল্কনীতির প্রতি তার সমর্থনের সমালোচনা করে এবং নাসাউ কাউন্টির পরিচালনা নিয়ে প্রশ্ন তোলে।
