ভোটাররা যখন মাত্র পাঁচ সপ্তাহ পর ভোট দিতে যাচ্ছেন, ঠিক তখনই নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন যে তিনি আর মেয়র পদে পুনর্নির্বাচনের দৌড়ে থাকছেন না।
রবিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অ্যাডামস বলেন, তার ভবিষ্যৎ নিয়ে "নিরবচ্ছিন্ন গণমাধ্যমের জল্পনা" এবং নগরীর ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডের পক্ষ থেকে সরকারি তহবিল না দেওয়ার সিদ্ধান্ত তার প্রচারণাকে থামিয়ে দিয়েছে।
তিনি বলেন,"আমি আর পুনর্নির্বাচনের প্রচারণা চালিয়ে যেতে পারছি না। আমার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের ধারাবাহিক জল্পনা আর মিলিয়ন ডলার তহবিল আটকে দেওয়ার সিদ্ধান্ত আমার প্রচারণার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের ক্ষমতাকে দুর্বল করেছে।"
অ্যাডামসের সরে দাঁড়ানোর ফলে মেয়র নির্বাচনের দৌড় এখন সংকীর্ণ হয়ে দাঁড়াল। প্রতিদ্বন্দ্বিতায় রইলেন তিনজন। তারা হলেন, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মমদানি, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।
অ্যাডামস, যিনি ২০২২ সালে ডেমোক্র্যাট হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন, এবার লড়ছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী (ইন্ডিপেন্ডেন্ট) হিসেবে। কারণ গত বছর তার বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগে মামলা হয়েছিল। যদিও পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের নির্দেশে সেই অভিযোগ খারিজ করা হয়।
নিজের প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সময় অ্যাডামস কোনো প্রতিদ্বন্দ্বীকে সরাসরি সমর্থন করেননি। তবে তার বক্তব্যে ডেমোক্র্যাট প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মমদানির প্রতি ইঙ্গিত পাওয়া গেছে।
অ্যাডামস বলেন, "বড় পরিবর্তন অবশ্যই স্বাগত এবং প্রয়োজনীয়, তবে তাদের থেকে সাবধান থাকুন যারা দাবি করে যে প্রজন্ম ধরে আমরা যে ব্যবস্থা গড়ে তুলেছি, সেটি ধ্বংস করাই সমাধান। সেটি পরিবর্তন নয়, সেটি বিশৃঙ্খলা।"
তিনি আরও সতর্ক করেন যে "অদৃশ্য শক্তিগুলো" শহরের রাজনীতিতে "বিভাজন সৃষ্টিকারী এজেন্ডা" চাপিয়ে দিতে চাইছে।
একসময় নিউইয়র্ক রাজনীতির উদীয়মান তারকা হিসেবে বিবেচিত হলেও, সাবেক পুলিশ কর্মকর্তা অ্যাডামসের জনপ্রিয়তা দ্রুত কমতে থাকে। তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে, অভিবাসন নীতি নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়, শহরের ব্যয়বৃদ্ধি নিয়ে নাগরিকদের অসন্তোষ বাড়তে থাকে।
গত সেপ্টেম্বরের এক মামলায় অভিযোগ আনা হয়েছিল যে অ্যাডামস তুরস্কের নাগরিকদের কাছ থেকে ১ লাখ ডলারের বেশি মূল্যের উপহার নিয়েছেন এবং এর বিনিময়ে বিশেষ সুবিধা দিয়েছেন। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
এই বছরের এপ্রিল মাসে মার্কিন বিচার বিভাগ নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটরদেরকে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দেয়। তবুও বিতর্ক তাকে ছাড়েনি, বরং নির্বাচনী লড়াইয়ে তার অবস্থানকে দুর্বল করে তোলে।
ডেমোক্র্যাটিক দলে অভ্যন্তরীণ প্রতিযোগিতা এড়াতে চলতি বছরের শুরুতে অ্যাডামস ঘোষণা দেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। এর ফলে তিনি ডেমোক্র্যাটিক প্রাইমারি থেকে রেহাই পান, যা শেষ পর্যন্ত জেতেন জোহরান মমদানি।
অ্যাডামস জানিয়ে দিয়েছেন, তিনি তার বর্তমান মেয়াদ ১ জানুয়ারি পর্যন্ত শেষ করবেন। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার নাম ব্যালটে থাকবে, কারণ নাম পরিবর্তনের শেষ সময়সীমা পেরিয়ে গেছে।
