ট্রাম্পের নতুন শুল্কহার আজ থেকে কার্যকর

Media

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আজ থেকে নতুন শুল্কহার কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এই চূড়ান্ত শুল্ক কাঠামো ঘোষণা করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের ওপর পাল্টা শুল্কহার কমিয়ে ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামানো হয়েছে। তবে এই হার আগের ১৬.৫ শতাংশের সঙ্গে যুক্ত হয়ে মোট শুল্ক দাঁড়াবে ৩৬.৫ শতাংশ, যা পণ্যে পণ্যে ভিন্নভাবে প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্ত আসে মার্কিন প্রশাসনের সঙ্গে একাধিক দফায় আলোচনার পর। এর আগে গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল, যা জুলাইয়ে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়।

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, নতুন শুল্ক কাঠামো বাংলাদেশের পোশাক খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তারা জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে, বিশেষত যেসব দেশ যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে তাদের তুলনায়।

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। দেশটিতে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৮৬ শতাংশই পোশাক।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গার্মেন্টস রপ্তানি করেছে ৭.৫৪ বিলিয়ন ডলার বা ৭৫৪ কোটি ডলারের পণ্য।

নতুন শুল্কহার কার্যকর হওয়ার ফলে এই খাতে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বাংলাদেশের সামগ্রিক রপ্তানি আয় ও তৈরি পোশাক খাতের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

রায় জালিয়াতির মামলায় সাত দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া খায়রুল হককে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে জানানো হয়, রিমান্ডে নেওয়ার পর খায়রুল হককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার ঘটনাসংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামি স্বেচ্ছায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলাটি এখনো তদন্তাধীন এবং তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন। আদালত আবেদন গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি করা হয় ২০২৪ সালের ২৭ আগস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় এটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সরকার প্রধান শেখ হাসিনার ইচ্ছা পূরণ এবং অবসর পরবর্তী সুবিধা পাওয়ার লোভে একটি মামলার রায় অনৈতিকভাবে পরিবর্তন করেন এবং ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

ডিবি পুলিশ তাকে গত ২৪ জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে একটি কিশোর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপরেই এই রায় জালিয়াতি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল।