দয়া ও মানবতার প্রতীক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

Media

ছবি: ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের অবসরপ্রাপ্ত বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও, যিনি বিশ্বজুড়ে তার সহানুভূতিশীল রায় এবং ভাইরাল কোর্টরুম ভিডিওর জন্য পরিচিত ছিলেন, ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে সাহসী লড়াইয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

প্রভিডেন্স মিউনিসিপাল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করা ক্যাপ্রিও জনপ্রিয় টেলিভিশন শো `Caught in Providence’এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন। এই শোতে ট্রাফিক টিকিট বা শব্দদূষণের মতো ছোটখাটো অপরাধগুলো এমনভাবে দেখানো হতো, যেখানে শাস্তির চেয়ে মানবিকতা ও করুণা বেশি গুরুত্ব পেত। তার হৃদয়স্পর্শী কোর্টরুম দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় এক বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে।

অনেক টিভি বিচারকের কঠোর রূপের বিপরীতে ক্যাপ্রিও ছিলেন বিনয়ী, হাস্যরসিক ও সহানুভূতিশীল। এক ভাইরাল ক্লিপে দেখা যায়, তিনি ছোট ছোট শিশুদের আহ্বান করছেন তাদের বাবা-মায়ের কেসে রায় দিতে। আরেক ভিডিওতে, একজন শোকাহত মায়ের $৪০০ ডলার জরিমানা ক্ষমা করে দেন, যিনি তার সন্তান হারিয়েছেন।

মাত্র এক সপ্তাহ আগে, তিনি ফেসবুকে একটি আবেগঘন বার্তায় হাসপাতাল ফেরত যাওয়ার খবর দিয়ে সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন।

ক্যাপ্রিও তার বিচারিক অবস্থানকে ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষের আইনগত সমস্যা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে। এক ভিডিওতে তিনি বলেন, প্রায় ৯০% দরিদ্র আমেরিকান কোনো আইনজীবীর সাহায্য ছাড়াই জটিল আইনি বিষয়—যেমন স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিরোধ বা উচ্ছেদ—মোকাবিলা করেন।

প্রভিডেন্সের ফেডারেল হিল এলাকায় জন্ম নেওয়া ক্যাপ্রিও ছিলেন তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি প্রায় ৪০ বছর বিচারকের দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালে অবসর নেন।

তার জনপ্রিয়তা শুধু রোড আইল্যান্ডে সীমাবদ্ধ ছিল না—চীনসহ বহু দেশে মানুষ তাকে ভালোবেসে প্রশংসা করেছেন। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাত্র ঘণ্টায় $৩.৮৪ আয় করা এক বারটেন্ডারের রেড লাইট ভায়োলেশনের জরিমানা তিনি মাফ করে দেন এবং সেই সুযোগে রেস্তোরাঁয় বিল না দিয়ে পালিয়ে যাওয়া কাস্টমারদের উদ্দেশে আহ্বান জানান, যেন তারা পরিশ্রমী কর্মীদের প্রতি সম্মান দেখান।

ক্যাপ্রিওর পরিবার তাকে স্মরণ করেছে একজন আদর্শ স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও বন্ধু হিসেবে। তাঁরা বলেন, “দয়া, নম্রতা আর মানুষের ভালোত্বে অগাধ বিশ্বাসের কারণে তিনি লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন।”

রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি বলেন, “তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা ছিলেন না, ছিলেন আদালতের মানবতার প্রতীক। তিনি আমাদের দেখিয়েছেন, মানবিকতার সঙ্গে দেওয়া বিচারও যথার্থ হতে পারে।”

ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার রবার্ট লিওনার্ড বলেন, “তিনি ছিলেন নিঃস্বার্থ একজন মানুষ। অন্যের জন্য কিছু করতে হবে—এমন চিন্তা থেকে কখনোই পিছু হটতেন না।”

২০১৭ সালে তার বিচারিক দর্শনের কথা বলতে গিয়ে ক্যাপ্রিও বলেছিলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো কাজ করতে পারে, যদি সেগুলো পরিচালিত হয় দয়া, ন্যায়বিচার ও সহানুভূতির আলোকে। আমাদের এই বিভক্ত পৃথিবীতে আমি চাই মানুষ দেখুক, কঠোর না হয়েও বিচার কার্যকর হতে পারে।”