যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউনের অবসানে সিনেটে চুক্তি

Media

অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে সিনেটররা চুক্তিতে পৌঁছেছেন। প্রায় ৪০ দিনব্যাপী চলা এই শাটডাউন শেষ করতে সিনেটে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের (House of Representatives) অনুমোদন প্রয়োজন হবে।

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা একাধিক বৈঠক করলেও কোনো অগ্রগতি হয়নি। অবশেষে রোববার রাতে দু’দলের সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত হয় চুক্তি নিয়ে ভোটের।

চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবাগুলো পুনরায় চালু হওয়ার পথ খুলে যাবে। তবে এটি কত দ্রুত কার্যকর হবে এবং চুক্তিটি দীর্ঘমেয়াদে টেকসই হবে কি না, তা এখনও অনিশ্চিত।

গত ৪০ দিন ধরে চলা শাটডাউন–এর ফলে ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না, অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে, এবং লক্ষাধিক আমেরিকান খাদ্য সহায়তা পেতে বিলম্বের মুখে পড়েছেন।

সংকটের শুরু হয় ১ অক্টোবর, যখন ফেডারেল সরকারের অর্থবরাদ্দের মেয়াদ শেষ হয় এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে নতুন অর্থবিল নিয়ে সমঝোতা না হওয়ায় সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সিনেটে হওয়া নতুন চুক্তির আওতায়—শাটডাউনের সময় যেসব সরকারি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হবে।

অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। ডেমোক্র্যাটদের দাবিকৃত স্বাস্থ্যবীমা ও ট্যাক্স ক্রেডিট বিষয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ ভোট অনুষ্ঠিত হবে।

সিবিএস জানায়, এই চুক্তির নেতৃত্বে রয়েছেন মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং, এবং নিউ হ্যাম্পশায়ারের দুই সিনেটর জীন সাহিন ও মেগি হাসান। তারা সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন এবং হোয়াইট হাউসের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমঝোতায় পৌঁছেছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় রাত আটটায় প্রথম প্রক্রিয়াগত ভোট শুরু হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শুরু হয়নি। তবুও চুক্তি নিয়ে ভোটে সিনেটররা ৫৩–৪৭ ভোটে এগিয়ে আছেন। শাটডাউন শেষ করতে প্রয়োজন ৬০ ভোটের সমর্থন, যা অর্জনের মতো সংখ্যা তারা পেয়েছেন বলে জানা গেছে।

তবে কিছু রিপাবলিকান সিনেটর এই চুক্তির বিরোধিতা করেছেন। তাদের মধ্যে অন্যতম চাক শুমার, যিনি জানিয়েছেন, “যুক্তরাষ্ট্র বর্তমানে রিপাবলিকানদের তৈরি স্বাস্থ্যসেবা সংকটের মধ্যে আছে। ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরে এই সংকট নিরসনের চেষ্টা করছে, কিন্তু রিপাবলিকানরা সেই সংস্কার প্রস্তাবে সাড়া দেয়নি।”

চুক্তিটি এখনো সিনেটের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রতিনিধি পরিষদের ভোটের অপেক্ষায় রয়েছে। ফলে শাটডাউনের অবসান এখনো নিশ্চিত নয়, তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তিই যুক্তরাষ্ট্রের প্রশাসনিক স্থবিরতা কাটানোর প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন সরকারি শাটডাউন শিগগিরই শেষ হবে। সংক্ষিপ্তভাবে তিনি বলেন, “এ বিষয়ে আমরা খুব শিগগিরই বিস্তারিত জানাবো।”