বাফলোর মেয়র নির্বাচিত হওয়ায় শন রায়ানকে অভিনন্দন জানালেন ওসমান শিমুল

Media

যুক্তরাষ্ট্রের বাফলো শহরের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের স্টেট সিনেটর শন রায়ান। এটি গত দুই দশকে শহরটির প্রথম নতুন মেয়র নির্বাচন।

গত মে মাসে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অ্যাক্টিং মেয়র ক্রিস স্ক্যানলনকে হারানোর পর, রায়ান মঙ্গলবারের সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জেমস গার্ডনার এবং স্বতন্ত্র প্রার্থী মাইকেল গেইনারকে পরাজিত করেন। চূড়ান্ত ফলাফলে রায়ান পেয়েছেন ২৯,৮৩৮ ভোট (৭১.৬৩%), যেখানে গার্ডনারের প্রাপ্ত ভোট ৯,৫২১ (২২.৮৬%) এবং গেইনারের ১,৯২৯ (৪.৬৩%)।

শন রায়ানের এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্কের বাফলোতে অবস্থিত ফরচুনস আমেরিকা প্রপার্টিজের প্রেসিডেন্ট উসমান শিমুল। তিনি দীর্ঘ এক ফেসবুক পোস্টে লিখেন, আমি বাফলোর নবনির্বাচিত মেয়র শন রায়ানের বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সিনেটর রায়ানকে সমর্থন করতে পেরে আমি গর্বিত, কারণ এরি কাউন্টিতে তার সঙ্গে এবং অন্যান্য ডেমোক্র্যাট প্রার্থীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।

বাফলোর বাংলাদেশি–আমেরিকান কমিউনিটি প্রতিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—পরিবর্তন ও অগ্রগতির চালিকাশক্তি হিসেবে। বাফলো শহরের কল্যাণে শন রায়ানের নিরলস প্রচেষ্টা এবং পশ্চিম নিউইয়র্কের বাংলাদেশি–আমেরিকানদের প্রতি তার অঙ্গীকার তাকে আমাদের স্বার্থের একজন সত্যিকারের প্রতিনিধিতে পরিণত করেছে।

তার পুরো রাজনৈতিক জীবনে শন আমাদের কমিউনিটির জন্য ধারাবাহিকভাবে কাজ করেছেন এবং বাস্তব ফলাফল এনে দিয়েছেন। অ্যালবানিতে তার অভিজ্ঞতা বাফলোর জন্য নানা সুবিধা এনে দিয়েছে, আর তার গবেষণা আমাদের কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা একসঙ্গে কাজ করলে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাফলো গড়ে তুলতে পারব।

বাংলাদেশি–আমেরিকান ভোটার ও স্বেচ্ছাসেবকদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই-আমাদের মেয়র ও ডেমোক্র্যাটিক পার্টিকে সমর্থনের জন্য আপনাদের নিরলস পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।

আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন এবং কমিউনিটির সঙ্গে খোলা যোগাযোগ বজায় রাখেন।

অভিনন্দন নবনির্বাচিত মেয়র শন রায়ান এবং এরি কাউন্টির সব ডেমোক্র্যাট বিজয়ীদের। অভিনন্দন, বাফলো!

এর আগে বিজয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রায়ান লেখেন, “আমরা পেরেছি। আমরা একসাথে #BuildABetterBuffalo—একটি আরও সুন্দর ও উন্নত বাফলো গড়ব।”

তিনি আরও লেখেন, “আমি গর্বিত যে আমি বাফলো শহরের নবনির্বাচিত মেয়র। আমরা একসাথে শহরের মৌলিক সমস্যাগুলো সমাধান করব, দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করব এবং এমন একটি শহর গড়ে তুলব, যা সবার জন্য কাজ করবে। আমরা ফিরিয়ে আনব সেই সৃজনশীলতা ও আনন্দ, যা আমরা বাফেলোনিয়ান হিসেবে প্রাপ্য।”

টাউন বলরুমে দেওয়া বিজয়োত্তর বক্তৃতায় রায়ান বলেন, “বাফলোর মানুষ আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—তারা আরও ভালো শহর চায়। বাফলোর মেয়র হিসেবে নির্বাচিত হতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”

৬০ বছর বয়সী শন রায়ান বাফলো ও ল্যাকাওয়ানায় বেড়ে উঠেছেন। ২০২১ সাল থেকে তিনি বাফলো শহরের নর্থ বাফলো, এল্মউড ভিলেজ ও আপার ওয়েস্ট সাইডসহ আশপাশের এলাকাগুলোর প্রতিনিধিত্ব করছেন স্টেট সিনেটে। এর আগে প্রায় এক দশক তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বাফলো ও সাউথটাউনসের প্রতিনিধিত্ব করেছেন।

রায়ান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি হবেন “পুরো বাফলো শহরের মেয়র — শুধু ডেমোক্র্যাটদের নয়, বরং প্রতিটি নাগরিকের।” তাঁর অগ্রাধিকারে রয়েছে শহরের মৌলিক সেবা ও অবকাঠামো উন্নয়ন—যেমন রাস্তা পরিষ্কার, গর্ত মেরামত, কমিউনিটি সেন্টার সংস্কার, স্কুলে তহবিল বৃদ্ধি এবং সাশ্রয়ী আবাসন নির্মাণ।

তিনি বলেন, “যে কারও সঙ্গে কথা বলেছি, সবাই একমত—বাফলো আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। আমার প্রচারণার মূল কথা ছিল সহজ—মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে। ছোট বিষয়গুলো ঠিক করতে পারলে বড় চ্যালেঞ্জগুলোও জয় করা সম্ভব।”

শহরের চলমান বাজেট সংকট সমাধানে রায়ান ঘোষণা দিয়েছেন যে তিনি স্টেট কম্পট্রোলারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ আর্থিক অডিট করাবেন। চলতি বছর তিনি ডেফিসিট–ফাইন্যান্সিং বন্ড প্রস্তাব করেছিলেন, যা শহরের “গঠনগত ভারসাম্যহীনতা” দূর করতে সহায়ক হবে বলে আশা করছেন।

তিনি আরও জানিয়েছেন, এরি কাউন্টি ও নিউইয়র্ক স্টেট সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রশাসনিক দক্ষতা বাড়ানো ও ব্যয় অপচয় কমানোই তাঁর লক্ষ্য।

“আমরা সৎ ও স্বচ্ছ বাজেটিং দিয়ে শুরু করব,”—রায়ান বলেন স্থানীয় সংবাদমাধ্যম WIVB News-কে। “এখন সময় এসেছে প্রকৃত আয়-ব্যয়ের হিসাবের ভিত্তিতে নতুনভাবে শুরু করার।”

স্টেট সিনেটর হিসেবে রায়ান ২০২৪ সালে দুটি বড় আবাসন প্রকল্পে ৮০ মিলিয়ন ডলার তহবিল নিশ্চিত করেছিলেন—এর অর্ধেক সাশ্রয়ী আবাসনের জন্য এবং বাকিটা ক্ষুদ্র বাড়িওয়ালাদের সহায়তায়। মেয়র হিসেবে তিনি তিন দফা আবাসন পরিকল্পনা ঘোষণা করেছেন:

নাগরিকদের সাশ্রয়ী মূল্যের বাসস্থান পেতে সহায়তা, খালি অ্যাপার্টমেন্টগুলো পুনরায় বসবাসযোগ্য করা এবং শহরের খালি জমিতে নতুন আবাসন নির্মাণ।

রায়ান প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি হবেন “বাফলোর ইতিহাসে সবচেয়ে শ্রমিকবান্ধব মেয়র।” তাঁর প্রার্থিতায় সমর্থন দিয়েছে স্থানীয় বেশ কিছু শ্রমিক ইউনিয়ন, যার মধ্যে রয়েছে বাফলো সেন্ট্রাল লেবার কাউন্সিল, AFL-CIO, CWA ডিস্ট্রিক্ট 1, নিউইয়র্ক স্টেট পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন এবং বাফলো টিচার্স ফেডারেশন।

শন রায়ান আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন আগামী ১ জানুয়ারি।