ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কি না-তা বিবেচনায় থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা—সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন।’
কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করছে জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার, গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটাও বিবেচনাধীন থাকবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের ওপর হামলা চলছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি, সেই জায়গাগুলো আমরা বলেছি।’
প্রশাসন নিরপেক্ষ না হয়ে কার পক্ষ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমরা লক্ষ করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে। অনেক জায়গায় এবং মাঠপর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি, যদি এ ধরনের একটা প্রশাসন থাকে, তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে।’
বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম নির্বাচন বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের আগ্রহ ছিল। এ ছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তাসহ বাংলাদেশের সামনের রাজনীতি কোন দিকে যাবে এবং এনসিপির গঠনপ্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম ও আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল।
নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময়ের বিষয়ে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুন বলেছেন; প্রাথমিকভাবে আমরা তা সমর্থন করছি।
এ ছাড়া বৈঠকে ব্যবসার পরিবেশ, অর্থনৈতিক অবস্থা এবং ক্ষমতায় গেলে এনসিপি কী করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনও চেয়েছেন বলে জানান নাহিদ ইসলাম।
ঢাকার গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা অংশ নেন।
