নায়াগ্রা ফলসে ডেমোক্র্যাট প্রাইমারিতে বিজয় অর্জনের পর আবেগঘন বার্তা দিয়েছেন প্রার্থী নোয়া মুনোজ। তিনি তার জয়কে শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো শহরের, ভবিষ্যতের এবং গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন।
মুনোজ বলেন, “আমরা পেরেছি, নায়াগ্রা ফলস! এই বিজয় আমাদের সবার — আমাদের শহরের, আমাদের ভবিষ্যতের, এবং গণতন্ত্রের। আমি সম্মানিত এবং উজ্জীবিত, কারণ আমি জানি আমাদের কমিউনিটির প্রাপ্য নেতৃত্ব দেওয়ার লড়াইটা এখনো চলছে। এটি কেবল শুরু — আমরা কিছু বাস্তব তৈরি করছি, এবং যা শুরু করেছি তা সম্পন্ন করব।”
তিনি আরও বলেন, তার সঙ্গে প্রাথমিক নির্বাচনে জয়ী হওয়া অপর দুই ডেমোক্র্যাটিক প্রার্থী জনি কে কিনি এবং ব্রিজেট মাইলসের সাফল্য এই বিজয়ের একতা ও দলীয় ঐক্যের প্রতিফলন।
“জনি কে কিনি ও ব্রিজেট মাইলসকে বড় অভিনন্দন — আমরা তিনজনই গর্বের সঙ্গে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম এবং একসঙ্গে শীর্ষে উঠেছি। এটাই ঐক্য, এটাই দলীয় কাজের ফল এবং এটাই আমাদের গতির প্রতীক।”
মুনোজ প্রতিশ্রুতি দেন, নায়াগ্রা ফলসের উন্নয়নের জন্য তিনি এবং তার দল প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, “আমরা পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ — এবং সেটা হবে জনগণের সঙ্গে মিলে, বাস্তব ও কার্যকর।”
এই প্রাথমিক নির্বাচনের ফলাফল এখন নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের জন্য ডেমোক্র্যাটদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।
চালু হলো 'নায়াগ্রা ফলস ম্যাজিক থিয়েটার'
নায়াগ্রা ফলসের সৌন্দর্যে এবার যোগ হয়েছে জাদুর ছোঁয়া। আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে নায়াগ্রা ফলস ম্যাজিক থিয়েটার, যেখানে দর্শকরা উপভোগ করতে পারবেন লাইভ ইলিউশন, কমেডি ও ইন্টারঅ্যাকটিভ বিনোদনের অভাবনীয় অভিজ্ঞতা।
নতুন এই থিয়েটারটি কমফোর্ট ইন দ্য পয়েন্ট হোটেলের নিচতলায় অবস্থিত, জলপ্রপাতের একদম কাছেই। সারা বছর ধরে চলবে এই প্রদর্শনী, যেখানে প্রধান আকর্ষণ হলেন বিশ্বখ্যাত ইলিউশনিস্ট লিওন এতিয়েন।
লিওন বলেন, “নায়াগ্রা ফলসের ঐতিহাসিক গুরুত্ব শুধু নিউ ইয়র্ক রাজ্যের জন্য নয়, গোটা দেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সেই ইতিহাস থেকে অনুপ্রেরণা নিচ্ছি এবং শো-এর মধ্যে এমন কিছু অংশও রাখছি, যা দর্শকদের এই এলাকার ইতিহাস সম্পর্কে ছোটখাটো শিক্ষা দেবে।”
এই শোতে বড় আকারের ইলিউশন, হাতের কৌশল এবং হাস্যরসের মিশ্রণে তৈরি করা হয়েছে এমন এক পরিবেশ, যা সব বয়সের দর্শকের মনে দাগ কাটবে। আয়োজকদের মতে, এটি স্থানীয় বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করেছে, যা প্রতিবছর লাখ লাখ পর্যটকের জন্য নতুন এক অভিজ্ঞতা এনে দেবে।
লিওন আরও বলেন, “এই শোটাকে আমি বলি, ‘এটা আপনার দাদুর জাদু শো নয়, কিন্তু দাদুকে আনলে তিনিও উপভোগ করবেন।’ এটা পুরোপুরি পরিবারবান্ধব — সবার জন্য কিছু না কিছু রয়েছে। আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো যখন মঞ্চ থেকে দেখি একাধিক প্রজন্ম একসঙ্গে বসে আনন্দ উপভোগ করছে।”
নায়াগ্রা ফলস ম্যাজিক থিয়েটার ইতোমধ্যে দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে — nfmagic.com ওয়েবসাইটে। প্রতি সপ্তাহে একাধিক রাত শো অনুষ্ঠিত হচ্ছে, যার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
