যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি বক্তব্য সম্পাদনা করে বিকৃতভাবে প্রচারের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। ট্রাম্পের অভিযোগ, বিবিসি এমনভাবে বক্তব্যের অংশ জোড়া লাগিয়েছে, যাতে মনে হয় তিনি সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার নির্দেশ দিয়েছিলেন।
এই মামলার মাধ্যমে গণমাধ্যমের বিরুদ্ধে নিজের বক্তব্যকে “মিথ্যা ও অন্যায্য”ভাবে উপস্থাপনের অভিযোগে আন্তর্জাতিক পর্যায়ে আইনি লড়াই শুরু করলেন ট্রাম্প।
মামলায় বলা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্যের কিছু অংশ বিবিসি ইচ্ছাকৃতভাবে সম্পাদনা করেছে। এর মধ্যে ছিল সমর্থকদের ক্যাপিটলের দিকে ‘মার্চ’ করতে বলা এবং “ফাইট লাইক হেল” (প্রাণপণে লড়াই করো) মন্তব্যটি। তবে সেই বক্তব্যের সেই অংশটি প্রচার করা হয়নি, যেখানে ট্রাম্প শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন।
ট্রাম্পের অভিযোগ, এই সম্পাদিত ক্লিপ প্রচারের মাধ্যমে বিবিসি তাকে মানহানি করেছে এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আইন লঙ্ঘন করেছে, যেখানে প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
মামলার দুইটি পৃথক অভিযোগের প্রতিটির জন্য ৫ বিলিয়ন ডলার করে মোট ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
