নিউইয়র্কের স্টেট সিনেটর শন রায়ান বাফলো শহরের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। যা শহরটির গত ২০ বছরে প্রথমবারের মতো নতুন মেয়র নির্বাচন।
গত মে মাসে অ্যাক্টিং মেয়র ক্রিস স্ক্যানলনকে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হারানোর পাঁচ মাস পর, রায়ান সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জেমস গার্ডনার এবং স্বতন্ত্র প্রার্থী মাইকেল গেইনারকে পরাজিত করেন।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রায়ান পেয়েছেন ২৯,৮৩৮ ভোট (৭১.৬৩%), যেখানে গার্ডনার পান ৯,৫২১ ভোট (২২.৮৬%) এবং গেইনার ১,৯২৯ ভোট (৪.৬৩%)।
জয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম রায়ান লিখেন, আমরা পেরেছি। আমরা একসাথে #BuildABetterBuffalo—একটি আরও সুন্দর বাফলো গড়তে যাচ্ছি।
আমি গর্বিত যে আমি বাফলো শহরের নবনির্বাচিত মেয়র। আমরা একসাথে শহরের মৌলিক বিষয়গুলো ঠিক করব, এবং দীর্ঘদিনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করব। আমরা এমন একটি শহর গড়ে তুলব, যা সবার জন্য কাজ করবে। আর আমরা ফিরিয়ে আনব সেই সৃজনশীলতা ও আনন্দ, যা আমরা এই সুন্দর ও অনন্য শহরের বাসিন্দা হিসেবে প্রাপ্য।
আমার প্রচারণায় অংশ নেওয়া প্রতিটি স্বেচ্ছাসেবক ও সমর্থককে ধন্যবাদ, যারা পরিবর্তনের পথে আমার সঙ্গে ছিলেন। সামনে যে কাজগুলো আসছে, সেগুলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বিজয়োত্তর বক্তৃতায় টাউন বলরুমে রায়ান বলেন, “বাফলোর মানুষ আবারও জোরালোভাবে বলেছে — তারা আরও ভালো শহর চায়। আমি বাফলোর আগামী মেয়র হিসেবে নির্বাচিত হতে পেরে আজীবনের শ্রদ্ধা ও সম্মান অনুভব করছি।”
৬০ বছর বয়সী রায়ান বাফলো ও ল্যাকাওয়ানায় বেড়ে উঠেছেন। ২০২১ সাল থেকে তিনি নর্থ বাফলো, এল্মউড ভিলেজ ও আপার ওয়েস্ট সাইডসহ বাফেলোর আশপাশের বিভিন্ন এলাকা প্রতিনিধিত্ব করছেন স্টেট সিনেটে। এর আগে প্রায় এক দশক ধরে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে তিনি বাফেলোর পশ্চিমাঞ্চল ও সাউথটাউনসের প্রতিনিধি ছিলেন।
রায়ান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি হবেন “পুরো বাফেলোর মেয়র — শুধু ডেমোক্র্যাটদের নয়, বরং সব বাফেলোনিয়ানের।” তিনি গুরুত্ব দিচ্ছেন শহরের মৌলিক বিষয়গুলোর ওপর — যেমন রাস্তা পরিষ্কার, গর্ত মেরামত, কমিউনিটি সেন্টার সংস্কার, স্কুলে তহবিল বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ।
রায়ান বলেন, “যে কারও সঙ্গে কথা বলেছি, সবাই একমত — বাফলো আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। তাই আমার প্রচারণার মূল কথা ছিল মৌলিক কাজগুলো ঠিকভাবে করা। গত ১১ মাস ধরে আমি ভোটারদের কাছে এই বার্তাই পৌঁছে দিয়েছি — আমরা ছোট বিষয়গুলো ঠিক করতে পারলে বড় চ্যালেঞ্জগুলোকেও জয় করতে পারব।”
শহরের চলমান বাজেট সংকট মোকাবিলায়, রায়ান প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি স্টেট কম্পট্রোলারকে এনে পূর্ণাঙ্গ অডিট করাবেন। চলতি বছর তিনি ডেফিসিট-ফাইন্যান্সিং বন্ডের প্রস্তাব দিয়েছিলেন, যা দিয়ে শহরের “গঠনগত ভারসাম্যহীনতা” দূর করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, তিনি এরি কাউন্টি ও নিউ ইয়র্কস্টেট সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবেন যেন প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বাড়ে ও অপচয় কমে।
“আমরা সৎ ও স্বচ্ছ বাজেটিং দিয়ে শুরু করব। বছরের পর বছর এটা হয়নি,” — রায়ান বলেন ডব্লিইভিআই নিউজকে।
“এখন সময় এসেছে সত্যিকারের ব্যয় ও আয়ের হিসাব দিয়ে নতুনভাবে শুরু করার।”
স্টেট সিনেটর হিসেবে রায়ান ২০২৪ সালে দুটি আবাসন প্রকল্পে ৮০ মিলিয়ন ডলার তহবিল নিশ্চিত করেছিলেন — যার অর্ধেক সাশ্রয়ী আবাসনের জন্য এবং বাকিটা ক্ষুদ্র বাড়িওয়ালাদের সহায়তায়। মেয়র হিসেবে তিনি তিন দফা আবাসন পরিকল্পনা ঘোষণা করেছেন —
নাগরিকদের সাশ্রয়ী বাড়ি খুঁজে দিতে সহায়তা,
খালি অ্যাপার্টমেন্টগুলো পুনরায় ভাড়া উপযোগী করা,
শহরের খালি জমিতে নতুন সাশ্রয়ী বাসস্থান তৈরি।
রায়ান বলেছেন, তিনি হবেন “বাফলোর ইতিহাসের সবচেয়ে শ্রমিকবান্ধব মেয়র।” তার প্রার্থিতা সমর্থন করেছে স্থানীয় বেশ কিছু শ্রমিক ইউনিয়ন, যার মধ্যে রয়েছে বাফেলো সেন্ট্রাল লেবার কাউন্সিল, AFL-CIO, CWA ডিস্ট্রিক্ট 1, নিউইয়র্ক স্টেট পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন এবং বাফেলো টিচার্স ফেডারেশন।
শন রায়ান আনুষ্ঠানিকভাবে মেয়রের শপথ নেবেন আগামী ১ জানুয়ারি।
